কোকিল

রেজা ফারুক

 

আবারও সেই কালো গাউন পরা

কোকিলের পাল্লায় পড়ে গেলাম আজ ভোরে

এখন শীতের সিজন

এরই মধ্যে কোত্থেকে এসে জুটলো দু’টি

নীলচে হ্যাট পরা ভদ্রগোছের কোকিল

গলায় বেঁধে সিল্কের রুমাল

আর ডেকে উঠলো ডিজিটাল স্বরে!

 

কুয়াশার অ্যানিমেশনে জ্বলেই আবার নিভে গিয়ে

কোকিল জুটি আমাকে নিয়ে গ্যালো

ওদের নিবিড় খপ্পরে :

একদিন সন্ধ্যায় ওরা ওদের তারা জ্বলা

গলায় জমা ধুলো ঝাড়তে ঝাড়তে এসে বসলো

এক বন কিশোরীর রেশম জাগা নির্জন ঘাড়ে

আর ডেকে উঠলো কু...উ...উ...

 

আবার সেই শিশিরের টাই পরা

কোকিলের পাল্লায় পড়ে গেলাম আজ ভোরে

দূরে দাঁড়িয়ে একজন আর একজন ঠিক

আমার নিভন্ত থুতনির নিচে

দাউ দাউ করে জ্বলছে শেষ শীতের আগুনে;

বলো তো, এখন আমি কী করি!