সোহরাব পাশা
সে কোথাও নেই
একাকী দাঁড়িয়ে আছি
বসন্তের নিচে
দীর্ঘকাল এই দাহকাল
নির্জন ছায়ার অন্যপাশে
শুধু চাঁপার তীব্র গন্ধ ভেসে আসে
অন্তরালে
জীবন মানে কি শূন্যতার রূপান্তর—
অনিঃশেষ জলরং কিংবা মিশ্রমাধ্যম
বেদনার
ভালোবাসার ভাষার অনুবাদ নেই,
শুশ্রূষা নেই তার চোখের হাসির
যে সুর বাঁশির আগে বাজে
‘গানের ওপারে’
গহিনের অন্তর বাজায় অহর্নিশ
নক্ষত্রের ফুল ঝরে পড়ে
আমার নিঃস্ব ভাষাপত্রের পাঠ নেই
স্বপ্নের স্বাক্ষর নেই কোনো
নিবিড় যৌথ ছায়ার অশেষ গল্পের
প্রতিশ্রুতি।