দেবতার আসনে ট্রাম্প, মন্দির বানিয়ে পূজা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্যই ভারত সফর করে গেলেন। তার এই সফর ঘিরে ভারতে যেন এক সাজসাজ রব পড়ে গিয়েছিলো। শুধু তাই নয়, ট্রাম্পকে রীতিমতো দেবতার আসনে বসিয়েছেন তার এক ভক্ত।

সেই ভক্তের নাম বুশা কৃষ্ণ। তার দাবি স্বপ্নে পাওয়া নির্দেশনা মেনে তিনি ট্রাম্পকে প্রভু মেনেছেন। তেলেঙ্গানার জনগাঁওয়ের নিজ বাড়িতে ট্রাম্পের মন্দির গড়ে তুলেছেন এই আবাসন ব্যবসায়ী। সেখানে বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের ছয় ফুটের মূর্তি। ট্রাম্পের দীর্ঘ জীবন কামনা করে প্রতি শুক্রবার উপোস থাকেন বুশা কৃষ্ণ।

তিনি বলেন, ট্রাম্পের ছবি আমি সব সময় কাছে রাখি। কোনো কাজে বের হওয়ার আগে তার পূজা করি। আমার কাছে তিনিই দেবতা।

বুশা কৃষ্ণ জানান, এই পূর্তি বানাতে এক মাস সময় লেগেছে। ১৫ শ্রমিক এটি নির্মাণে কাজ করেছেন।

ট্রাম্পের অত্যধিক ভক্তির কারণে গ্রামের লোকজন তাকে ট্রাম্প কৃষ্ণা বলেও ডাকেন। আর তার বাড়িটি ট্রাম্প হাউস নামেও পরিচিতি। গোটা বিষয়টিকে হালকাভাবেই নিয়েছে গ্রামবাসী।

এদিকে বুশা কৃষ্ণ এক মিনিটের জন্য হলেও ট্রাম্পের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত তার ইচ্ছে পূরণ হয়নি। মার্কিন প্রেসিডেন্ট পরিবার নিয়ে ভারত সফর করলেও তার সঙ্গে দেখা হয়নি।

ইত্তেফাক/জেডএইচ