সেনাবাহিনী নামার পরও সরকার দলীয় প্রার্থীর নেতাকর্মীরা বেপরোয়া: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সেনাবাহিনী মাঠে নামার দ্বিতীয় দিনেও সরকার দলীয় প্রার্থীর নেতাকর্মীরা বেপরোয়া, প্রত্যাশা অনুযায়ী লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না।’

তিনি বলেন, ‘মঙ্গলবার মেঘনায় আমার একটি জনসভা হওয়ার কথা ছিল, প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও বিএনপির জনসভা প্রতিহত করার জন্য উদ্দেশ্যে প্রণোদিত হয়ে এখানে আওয়ামী লীগ সভা ডেকে প্রশাসনের মাধ্যমে ১৪৪ ধারা জারি করেছে। তিতাসে পরপর দুটি মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।’ 

মঙ্গলবার দুুপুরে কড়িকান্দি বাজারস্থ ইভা কিন্ডার গার্টেন মাঠে নির্বাচনী পথসভা প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গণতন্ত্র আজ আওয়ামী লীগের ঘরে বাক্সবন্দি। ভোট বিপ্লবের মাধ্যমে এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আর সেই লক্ষে বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন হিসেবে বিএনপি তথা ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করছে। আপনাদের একটি ভোট বেগম খালেদা জিয়ার মুক্তির হাতিয়ার। তাই ২৯ তারিখ থেকে ভোট কেন্দ্র পাহারা দিবেন এবং ৩০ তারিখে ভোট দিয়ে ফল নিয়ে বাড়ি যাবেন।’ 

তিনি অভিযোগ তুলে বলেন, ‘দেশের রিজার্ভ চুরি, ব্যাংকের সোনা চুরি, পাথর-কয়লা চুরির মতো আওয়ামী লীগ ভোট চুরির জন্য বেপরোয়া হয়ে উঠেছে। এই চোরদের প্রতিহত ছাড়া দেশের গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে না।’

আরো পড়ুনঃ সীতাকুণ্ডে আওয়ামী লীগ প্রার্থীর মিছিলে পেট্রোলবোমা, দগ্ধ ৪ 

উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন মোল্লার সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার, সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ, আক্তারুজ্জামান আক্তার, মো. ছাদির মোল্লা, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মেহেদী হাসাল সেলিম, যুবদলের সভাপতি তোফায়েল হোসেন খান, ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুদ্দিন খসরু, সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আদিদুল রহমান ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফারুক হোসেন ভূঁইয়া প্রমুখ। 

এর আগে জিয়ারকান্দি মাতৃছায়া স্কুল এন্ড কলেজ মাঠে ও পরে বাতাকান্দি বাজার মসজিদ সংলগ্ন মাঠে পৃথক পৃথক পথসভায় ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দেন।

ইত্তেফাক/কেকে