রাণীশংকৈলে হত্যা মামলায় গ্রেফতার ৫ 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গোগর গ্রামের গরু ব্যবসায়ী তৈয়ব আলি ( ৪০) হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 

২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় রানীশংকৈল থানায় এসপি তৌহিদ-উদ দৌলা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

আসামিরা হলেন- গোগর গ্রামের আব্দুল হালিমের ছেলে রবিউল ইসলাম (২৩), একই গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে সাব্বির (২০), খলিলুর রহমানের সাগর আলী (১৯), মোস্তফা আলমের ছেলে জুয়েল রানা (১৬) এবং মতিউর রহমানের ছেলে শাহনেওয়াজ (১৯)। 

আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে পূর্ব পরিকল্পিতভাবে তৈয়বের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে তাকে হত্যা করার কথা স্বীকার করে। মৃত তৈয়বের স্ত্রী ছবি আকতার আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ওসি খায়রুল আলম ডন, এএসআই আহসান হাবীব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

গত ২২ ফেব্রুয়ারি রাতে আসামিরা বিশেষ কৌশলে তৈয়বকে পিছলা পুকুরের পাশে ডেকে নিয়ে দেড় লাখ টাকা দাবি করে। তৈয়ব আসামিদের চিনে ফেলে এবং তার কাছে সে পরিমাণ টাকা নাই বলে। এতে ক্ষিপ্ত হয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে তৈয়বকে হত্যা করে এবং লাশ পাশের গম ক্ষেতে পুঁতে দেয়। পরদিন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/জেডএইচ