সম্ভাবনা জাগিয়েও হারল সালমারা

আগের দুই আসরে নেই কোনো জয়। চলতি আসরেও দুই ম্যাচ জয়শূন্য কেটেছে। গতকাল তৃতীয় ম্যাচেই জয়ের খাতা খোলার একটা সুবর্ণ সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সাক্ষাতেই ভড়কে দিয়েছিল আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের অন্যতম ফেবারিট নিউজিল্যান্ডকে।

বোলাররা তৈরি করে দিয়েছিলেন জয়ের ভিত। বোলিংয়ের সাফল্যে উদ্বেলিত বাংলাদেশের মেয়েরা ব্যাটিংয়ে সেই আত্মবিশ্বাসের অনুবাদ করতে পারেনি। তাই সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হেরে গেল সালমা খাতুনের দল। গতকাল মেলবোর্নে নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরে গেছে বাংলাদেশ।

রীতু মনি, সালমা খাতুন তথা স্পিনারদের জাদুতে কিউইদের ১৮.২ ওভারে মাত্র ৯১ রানে বেঁধে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষের বাউন্সার বৃষ্টি, গতিময় বোলিংয়ের সামনে লড়াইটা চালিয়ে যেতে পারেনি সালমা-রুমানারা। ইনিংসের ১ বল বাকি থাকতে ৭৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের দুয়ারে এখন ‘এ’ গ্রুপে থাকা সালমারা। বাংলাদেশের মতোই তিন ম্যাচ হেরে গেছে শ্রীলঙ্কা। আগামীকাল মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষেই গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ম্যাচ শুরু হবে ভোর ৬টায়। বিশ্বকাপে একটি জয়ের আশা নিয়ে দেশ ছেড়েছিল সালমা বাহিনী। প্রতিপক্ষ হিসেবে লঙ্কানরাই ছিল মূল টার্গেট। কিন্তু টানা তিন পরাজয়ে ক্লান্ত বাংলাদেশের জন্য শেষ ম্যাচে জয়ের আশায় উজ্জীবিত থাকাই এখন মূল চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ সন্ত্রাস-মাদক ও জঙ্গিবাদ থেকে শিশুদের দূরে রাখতে চাই: প্রধানমন্ত্রী

গতকাল টস জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড। সপ্তম ওভারে দলকে ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক সালমা। সোফি ডিভাইন ১২ রান করে আউট হন। নিজের পরের ওভারে রাচেল প্রিস্টকে এলবির ফাঁদে ফেলেন। ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেন। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে রীতু মনি ১৮ রানে ৪ উইকেট নেন। যা বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং। সুজি বেটস ১৫, গ্রিন ১১ রান করেন। সালমা ৭ রানে তিনটি, রুমানা ১৭ রানে দুটি উইকেট নেন।

৯২ রানের টার্গেটে খেলতে নেমে কিউইদের বোলিংয়ের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। দুঅঙ্কের ঘর স্পর্শ করেছেন তিন জন। মুর্শিদা খাতুন ১১, রীতু মনি ১০ ও নিগার সুলতানা ২১ রান করেন। ১০ম ওভারে ব্যথা পেয়ে অবসরে যাওয়া নিগার সুলতানা আবার ১৭তম ওভারে ফিরে আসেন মাঠে। বাকিদের সমর্থন না পাওয়া তার প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। নিউজিল্যান্ডের ক্যাসপেরেক ও জেনসেন তিনটি করে উইকেট নেন। ১১ রানে ৩ উইকেট নিয়ে জেনসেন ম্যাচ সেরা হন।

ইত্তেফাক/ এমএএম