‘বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ভারত সফর-২০২০’ এর জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। রোববার (০১ মার্চ) ঢাকার ভারতীয় হাই কমিশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সময় অনুযায়ী ১৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।
এর আগে ভারত সফরে বাংলাদেশ যুব প্রতিনিধি দলের সদস্যের জন্য ২৯ ফেব্রুয়ারি আবেদনের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিলো।
ভারতীয় হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরম্যাটে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপত্র byd.dhaka@mea.gov.in এই ই-মেইল এড্রেসে পাঠাতে হবে।
ভারত সরকারের অর্থায়নে ‘বাংলাদেশ যুব প্রতিনিধিদল’ ১০০ জন মেধাবী তরুণকে প্রায় ৮-৯ দিনের জন্য ভারত সফরের সুযোগ করে দেয়। হাই কমিশন ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিবছর এই সফরের আয়োজন করে। এই সফরে ১০০ জনের তরুণ প্রতিনিধিদলকে ভারতের উন্নয়ন ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ করে দেবে। এই সফরে রয়েছে ভারতের বিভিন্ন বিখ্যাত (সাংস্কৃতিক, শিল্প ও অন্যান্য) জায়গায় ভ্রমণের সুযোগ। ১০০ জনের এই যুব প্রতিনিধিদল ভারতের বিভিন্ন শহরেও ভ্রমণ করবে।
আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
ইত্তেফাক/আরএ