যশোরের মশিউর রহমান বাবলু (৫৫) নামে এক ব্যবসায়ীকে নির্যাতনের ঘটনায় পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহাবুরকে ক্লোজড করা হয়েছে। আহত ওই ব্যবসায়ীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। যশোরের নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এসআই শাহাবুরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহত মশিউর রহমান জানান, মঙ্গলবার বেলা আনুমানিক একটার দিকে সহকর্মী দুলালকে নিয়ে ব্যবসায়িক কাজ শেষে ভ্যাসপা মোটরসাইকেলে শার্শা থেকে যশোরে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছিতে পৌঁছালে এসআই শাহাবুরের নেতৃত্বে একদল পুলিশ তাদের দাঁড় করায়। কিন্তু তাদের শরীর তল্লাশি করে কোনোকিছু পায়নি। এরপর এসআই সাহাবুর ক্ষিপ্ত হয়ে মশিউরের পকেটে থাকা ব্যবসায়িক কাজের ২০ হাজার টাকা হাতিয়ে নেবার চেষ্টা করে। এতে বাঁধ সাধলে মশিউরকে বেধড়ক মারপিট করে। এতে মশিউর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে সেখান থেকে তার সহকর্মী দুলাল দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: টাকাসহ আটক একজন হাওয়া ভবনের সাবেক কর্মচারী: বেনজীর
নির্যাতনের বিষয়টি আহতের ছেলে আল মামুন শাওন ও তার সহকর্মীরা যশোরের পুলিশ সুপার মইনুল হককে জানান। এরপর ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরকে হাসপাতালে পাঠান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন মশিউর রহমানের সঙ্গে কথা বলেন। এরপর এসআই শাহাবুরকে ক্লোজ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই