‘নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে আইএস-আল কায়দার সম্পর্ক নেই’

কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে কয়েকটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যে আনসারুল্লাহ বাংলা টিম ও আনসার আল ইসলাম রয়েছে। এসব উগ্রপন্থী ও জঙ্গি সংগঠন। তাদের সাথে আইএস ও আল-কায়দার কোন সম্পর্ক নেই। কিন্তু তাদের ব্যাখ্যা তারা গ্রহণ করেছে। আর এ ব্যাখ্যা ধারণ করে তারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে।’

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আয়োজনে আজ সোমবার রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ‘উগ্রবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে আলেম-ওলামা ও গ্রাম পুলিশের একটা ভূমিকা রয়েছে। আলেম-ওলামারা মসজিদে মসজিদে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালাতে পারেন এবং গ্রাম পুলিশ পাড়া মহল্লায় সন্দেহভাজনদের ব্যাপারে ভালোভাবে খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট থানায় অবগত করতে পারেন।’

তিনি আরো বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ ও মৌলবাদীদের প্রতিহত করতে হলে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা  কারিকুলাম থাকতে হবে। খেলাধুলা করতে হবে। সিরিয়াতে বাংলাদেশ থেকে যারা গেছে তাদের তালিকা আমাদের কাছে রয়েছে। তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন: ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামি ৩২ বছর পর গ্রেফতার

সেমিনারে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আব্দুল আলীম মাহমুদ।

সেমিনারে রংপুর বিভাগের বিভিন্ন ওলামায়ে মাসায়েখ ও গ্রাম পুলিশরা অংশগ্রহণ করেন। এদিকে এর আগে সিটিটিসি প্রধান মো. মনিরুল ইসলাম গতকাল রবিবার রাতে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে সহিংস উগ্রবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক সুশীল সমাজের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

ইত্তেফাক/এএএম