নাস্তায় পরোটার জনপ্রিয়তা অন্য যে কোন খাবারের চেয়ে বেশি। আর তাই এ আয়োজনে ভিন্ন স্বাদের তিন রকম পরোটা ও স্পেশাল আলুর দমের রেসিপি নিয়ে এবারের আয়োজন
আলুর পরোটা
উপকরণ :ময়দা ২ কাপ, আলু ভালো করে ম্যাশ করা দেড় কাপ, ঘি ১ টেবিল চামচ, সয়াবিন তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ভাজা মরিচ গুঁড়া আধা চা চামচ, ভাজার তেল পরিমাণমতো, ঘি ৩ টেবিল চামচ।
প্রণালি :উপরের সব উপকরণ একসাথে ভালো করে মেখে ১ ঘণ্টা ঢেকে রাখুন। এবার রুটি বেলে তেল ও ঘি প্যানে দিয়ে ভেজে নিন। সবগুলো ভাজা হলে ছুরি দিয়ে চার টুকরা করে কেটে ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করুন।
ধনেপাতার চাটনি :ধনেপাতা আধা কাপ + কাঁচামরিচ ২/৩টা + রসুন কোয়া ১টা + সিরকা ১ টেবিল চামচ + লবণ পরিমাণমতো দিয়ে একসাথে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে গেল ধনেপাতার চাটনি।
০০০
ফুলকপির পরোটা
উপকরণ :ফুলকপি অর্ধেকটা, ময়দা পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, ভাজা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, ভাজার জন্য তেল ও ঘি পরিমাণমতো।
প্রণালি :ফুলকপি টুকরা করে ধুয়ে সেদ্ধ করে নিন। এবার ভালো করে ম্যাশ করে নিন। এর সাথে পরিমাণমতো ময়দা, লবণ, তেল, ঘি ও মরিচগুঁড়া দিয়ে ভালো করে ময়ান দিন। কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার পরোটা বেলে ফ্রাই প্যানে তেল ও ঘি দিয়ে ভেজে নিন। সালাদ ও সবজি দিয়ে গরম গরম পরিবেশন করুন সকালের নাস্তায়।
০০০
স্পে শা ল আ লু র দ ম
উপকরণ :আলু ৫০০ গ্রাম, টমেটো কুচি ৩ টেবিল চামচ, আদাবাটা ও রসুন বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ও ধনে গুঁড়া আধা চা চামচ করে, এলাচ, দারচিনি ও তেজপাতা ৩টি করে, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, কাশ্মিরি লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আস্ত জিরা আধা চা চামচ, কাঁচা মরিচ ৪/৫টি, টক দই ২ টেবিল চামচ, চিনি সামান্য, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ।
প্রণালি :আলু টুকরা করে ধুয়ে সামান্য হলুদ ও লবণ মেখে ভেজে নিন। এবার ওই তেলেই আস্ত জিরা, পেঁয়াজ কুচি ও আস্ত গরম মসলার ফোড়ন দিন। তারপর টমেটো কুচি দিয়ে নেড়ে গরম মসলার গুঁড়া, ধনেপাতা ও কাঁচা মরিচ বাদে সব উপকরণ দিয়ে মসলা কষিয়ে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। আলু সেদ্ধ হয়ে এলে গরম মসলার গুঁড়া, চিনি, কাঁচামরিচ ও ঘি দিয়ে ৪/৫ মিনিট দমে রেখে মাখা মাখা হলে নামিয়ে নিন। পরোটার সাথে পরিবেশন করুন।
০০০
ধনেপাতার পরোটা
উপকরণ :ময়দা ৩ কাপ, ধনেপাতা কুচি আধা কাপ, কাঁচা মরিচ বাটা ২ চা চামচ, টক দই ৩ টেবিল চামচ, চিনি সামান্য, লবণ পরিমাণমতো, তেল ৩ টেবিল চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো, ঘি ৩ টেবিল চামচ, বিট লবণ পরিমাণমতো।
প্রণালি :ভাজার জন্য তেল, ঘি ও বিট লবণ বাদে উপরের সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিন। এবার আধা ঘণ্টা ঢেকে রাখুন। এরপর রুটি বেলে নিন তিনকোনা শেইপে। ইচ্ছে হলে যেকোনো আকারের বেলে নিতে পারেন। এবার ফ্রাই প্যানে তেল ও ঘি দিয়ে পরোটা ভেজে নিন। সবগুলো ভাজা হলে উপরে বিট লবণ ছড়িয়ে সালাদ ও সবজি দিয়ে পরিবেশন করুন।