বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বিভিন্ন দেশে এর প্রকোপ বাড়ছেই। এখন পর্যন্ত ৩ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৯০ হাজার ৯২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৪০ জনের মৃত্যুর হয়েছে। এর মধ্যে চীনেই ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা। সবশেষ দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা একশজনে দাঁড়িয়েছে।
দেশটির অন্তত ১০টি অঙ্গরাজ্যে করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে। রাজ্যগুলো হলো- ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ইলিয়ন্স, ফ্লোরিডা, ওরেগন, রোড আইল্যান্ড, অ্যারিজোনা, ম্যাসাচুসেটস, নিউইয়র্ক এবং উইসকনসিন। তবে এখন পর্যন্ত মারা যাওয়া সবাই ওয়াশিংটনের বাসিন্দা।
করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রভাবে অর্থনীতির ক্ষতি কাটাতে জরুরিভাবে সুদ হার কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। গতকাল মঙ্গলবার একদফায় ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নতুন সুদ হার করা হয়েছে ১ শতাংশ থেকে ১.২৫ শতাংশ। ২০০৮ সালের মন্দার পর এই প্রথম পূর্ব ঘোষণা ছাড়াই সুদ হার কমানোর সিদ্ধান্ত আসল। মন্দার পর ২৫ বেসিস পয়েন্ট করে সুদ হার কমানোর ঘোষণা আসলেও এবার একলাফে ৫০ বেসিস পয়েন্ট কমানো হলো যা সর্বোচ্চ।
আরো পড়ুন : ইলিশের প্রাচুর্য থাকবে সারা বছর
করোনা ভাইরাস আক্রান্ত বা ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকির মুখে থাকা বাংলাদেশসহ ২৫টি দেশে ৩ কোটি ৭০ লাখ ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। খবর : এনবিসি
ইত্তেফাক/এসি