নাঈম অপর্ণার ‘আপন আঁধার’

স্বামী-স্ত্রীর বোঝাপড়া নিয়ে গল্প ‘আপন আঁধার’। তাদের অতীত পাপ হেলুসিনেশন হয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। এক অনাকাঙ্খিত শিশু মেলবন্ধন তৈরি করে তাদের মধ্যে। সম্প্রতি এক দুর্ঘটনায় মৌমির তিন মাসের শিশু মিসকারেজ হয়। এই শিশুকে নিয়ে তাদের মধ্যে অনেক স্বপ্ন কাজ করছিল। অকালে সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় মৌমি মানসিকভাবে ভেঙে পড়ে। তাই ডাক্তারের পরামর্শে তাকে নেপাল নিয়ে আসে অভ্র। এখানে আসার পর মৌমি একধরনের আতঙ্কে ভোগে। তার মনে হয়, কেউ বুঝি তাকে আড়াল থেকে ফলো করছে। কিন্তু সে সামনে আসছে না। অভ্র তাকে প্রবোধ দেয়—এসব কিছু না। তার মনের ভুল। ডাক্তার বলেছে, এধরনের মানসিক অবস্থায় এমন নানা ধরনের হেলুসিনেশন হয়ে থাকে। কেউ কেউ শিশু দেখে থাকে। কিন্তু সত্যি একদিন আড়াল থেকে বেরিয়ে আসে এক মুখ। সেই মুখ মৌমির চেনা। রাজ। অভ্রর সঙ্গে বিয়ের ৫ বছর বছর আগে যার সঙ্গে পরিচয় মৌমির।  ভালোবেসে গোপনে বিয়ে করেছিল তারা। তাদের ভালোবাসার ফসল হিসেবে এক সন্তানও এই পৃথিবীতে আসার কথা ছিল। কিন্তু রাজ অন্য ধর্মাবলম্বী; তখন রাজের পারিবারিক, অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় তারা তাদের বিয়ের সামাজিক স্বীকৃতির ব্যাপারটা গোপন করে। মৌমিও বাচ্চা নিতে চায়নি বলে তিন মাসের মাথায় এবরশন করিয়ে ফেলে। রাজ চাইছিল, তাদের ভালোবাসার প্রথম নিদর্শন পৃথিবীর আলো দেখুক। তাই রাজের অনুমতি না নিয়েই মৌমি কাজটা করেছিল। এতে রাজ মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু মৌমির কোনো উপায় ছিল না। এভাবেই এগিয়ে চলে ‘আপন আঁধার’ নাটকের গল্প। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, অপর্ণা ঘোষ, এফ এস নাঈম। আগামীকাল শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘আপন আঁধার’।