আবারও টাইগারের বিপরীতে

শ্রদ্ধা কাপুর ‘বাগি’ সিরিজের প্রথম ছবিটিতে টাইগার স্রফের নায়িকা ছিলেন। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। চার বছর পর আবার ‘বাগি’ সিরিজের তৃতীয় ছবিতে তাকে দেখা যাবে। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার ধাচের ছবিটি। এ বছরের শুরুতে শ্রদ্ধা অভিনীত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবিটি মুক্তি পেয়েছে। মুক্তির আগে নাচনির্ভর ছবিটিকে ঘিরে সবার মধ্যে যে ধরনের আগ্রহ সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে তেমনভাবে সাড়া জাগাতে পারেনি বহুল আকাঙ্ক্ষিত ছবিটি। বলা চলে ফ্লপ সিনেমার কাতারে ঠাঁই করে নিতে হয়েছে। যা ছবির অন্যতম প্রধান তারকা হিসেবে শ্রদ্ধার জন্য মোটেও স্বস্তিকর ছিল না। এমনিতে গত কয়েক বছর ধরে অনেকটা মন্দার কবলে পড়েছে শ্রদ্ধার ক্যারিয়ার। গত বছর ভিন্ন স্বাদের ছবি ‘চিচোরে’-তে ব্যতিক্রমধর্মী চরিত্রে তাকে দেখা গেছে কলেজ ভার্সিটি পড়ুয়া তরুণী থেকে মধ্যবয়সী নারীর ভূমিকায় শ্রদ্ধার অভিনয় ছিল চোখে পড়ার মতো। ছবিটি বক্স অফিসে সাফল্য পাওয়ায় তিনি কিছুটা স্বস্তি অনুভব করেছিলেন। কারণ পর পর বেশ কিছু সিনেমার বক্স অফিস ব্যর্থতা তাকে অনেকটা চাপের মধ্যে ফেলে দিয়েছিল। গত বছর শ্রদ্ধাকে দক্ষিণী সুপারস্টার ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা প্রভাসের বিপরীতে ‘সাহো’-তে নায়িকারূপে দেখা গেছে। যদিও সুপার অ্যাকশন ধাচের ছবি ‘সাহো’ বক্স অফিসে মোটামুটিভাবে উতরে গেছে। এবার ‘বাগি থ্রি’ ছবিটি নিয়ে স্বাভাবিকভাবে শ্রদ্ধার প্রত্যাশা রয়েছে। এখানে টাইগার স্রফকে আবার অনেকদিন পর নায়ক হিসেবে পেয়েছেন। টাইগার গত বছর ব্লকবাস্টার হিট সিনেমা ‘ওয়ার’-এর সুবাদে বাজিমাত করেছেন। ঐ ছবিতে হূত্বিক রোশনের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় যেমন করেছেন তেমনিভাবে অ্যাকশনের চমক দেখিয়েছেন। ফলে অ্যাকশন হিরো হিসেবে বলিউডে তার অবস্থান পাকাপোক্ত করে তুলতে পেরেছেন তিনি। তেমনি প্রেক্ষাপটে ‘বাগি থ্রি’ ছবিটি আসছে। ইতিমধ্যে এ ছবির ট্রেলার টিজার প্রমো বাজারে বেশ ঝড় তুলেছে। ধারণা করা হচ্ছে, ছবিটি বক্স অফিসে সাফল্যের নতুন রেকর্ড সৃষ্টি করবে। মজার ব্যাপার হলো, ৩২ বছর বয়সী শ্রদ্ধা কাপুর ‘বাগি থ্রি’ ছবিতে রোমান্টিক জুটি বেঁধেছেন তার চেয়ে তিন বছরের ছোট ২৯ বছর বয়সী অভিনেতা টাইগার স্রফের সঙ্গে। এক সঙ্গে অভিনয় করতে গিয়ে টাইগার শ্রদ্ধার অনুরাগী বনে গেছেন। একথা সম্প্রতি অকপটে স্বীকারও করেছেন তিনি। শ্রদ্ধার রূপে-গুণে মুগ্ধ বলিউডের আরো অনেকেই। তাদের মধ্যে জনপ্রিয় তারকা অভিনেতা বরুন ধাওয়ান, শহিদ কাপুর, আদিত্য রায় কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, সুশান্ত সিং রাজপুত, অর্জুন কাপুর, রাজকুমার রাও প্রমুখ রয়েছেন। অভিনয়েই শুধু নয়, গাইতেও পারেন শ্রদ্ধা। অভিনীত বেশ কিছু সিনেমায় নিজেই প্লেব্যাক করেছেন। তার গাওয়া গান দর্শকশ্রোতারা গ্রহণও করেছে। শ্রদ্ধা কাপুর ক্যারিয়ারের শুরুতে ফ্লপের ধাক্কায় ছিটকে পড়েছিলেন। কিন্তু ধীরে ধীরে নিজেকে একজন সফল তারকা অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। রোমান্টিক নায়িকা থেকে আন্ডার ওয়ার্ল্ডের নেডি মাফিয়া ডন সব ধরনের চরিত্রে তাকে দেখা গেছে পর্দায়। আগামীতে শ্রদ্ধা কাপুর নতুন একটি সিনেমায় রনবীর কাপুরের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন। রোমান্টিক ধাচের ছবিটির নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।