নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় অটিস্টিক শিশুদের। একটু আদর আর সহযোগিতা পেলে তারাও অনেক কিছু করতে পারে। নিজেদের প্রমাণ করার সুযোগ পেলে অন্য দশজন স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে পারে তারা। এমন ভাবনা নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘ডব্লিউ’। অটিস্টিক শিশুদের জীবনের গল্প নিয়ে এই নাটকটি নির্মাণ করছেন আর এন রুম্পা। নাটকটিতে অটিস্টিক ছেলের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। সজলের সঙ্গে জুটি বেঁধেছেন যুথি। সুস্ময় সুমনের রচনায় নাটকটিতে সজলকে দেখা যাবে ডাব্লু আর যুথিকে দেখা যাবে সোহেলি চরিত্রে। নির্মাতা রুম্পা বলেন, ‘এখন প্রেম-ভালোবাসা নিয়ে নাটকের ট্রেন্ড চলছে। আমি একটু এর বাইরে গিয়ে ভিন্ন ধারণার কাজ করেছি। অটিস্টিকদের পাশ দাঁড়ানো, তাদের সহযোগিতা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এমন সুন্দর একটি গল্প নিয়ে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। নাটকটিতে সজল ভাইকে একটু পরিণত বয়সেই দেখিয়েছি। পরিণত হলেও তার আচরণ সেই শিশুর মতোই। চেষ্টা করেছি একটু ভিন্ন কিছু করার। একজন মানুষও যদি আমাদের নাটকটি দেখে সচেতন হন, আমাদের পরিশ্রম সার্থক হবে।’
সজল বলেন, ‘অটিস্টিক মানুষদের দেখলে সমাজের অনেক মানুষই একটু ভিন্ন চোখে দেখে। যেটা আসলেই উচিত নয়। সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো। তাদের সঙ্গে সবাই মিশলে, একটু সহযোগিতা করলে তারাও সবার মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এই নাটকটি দর্শকমনে এক অন্যরকম অনুভূতি তৈরি করবে বলে মনে করি।’
সজল ও যুথি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, খান সুমন, অপু সরকার, শিরিন আলম, আসলাম প্রমুখ। শিগগিরই বেসরকারি একটি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।