লৌহিত্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের যাত্রা শুরু

সারাদেশ বিনোদন ডেস্ক

 

নগরীর মোহরায় নতুনভাবে আত্মপ্রকাশ করলো ‘লৌহিত্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র’। গত ২০ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের মোহরায় ধানসিঁড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে উদ্বোধনী সংগীত ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে লৌহিত্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র শুভ সূচনা করলো। অনুষ্ঠানে অতিথিরা বলেন, পড়ালেখার পাশাপাশি সৃজনশীলতা বাড়াতে ছাত্রছাত্রীদের সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। ছাত্রছাত্রীরা পড়ালেখা শেষ করে যখন চাকরির জন্য ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হয় তখন দেখা যায় সংস্কৃতির মতো এক্সট্রা কারিকুলাম যাদের রয়েছে চাকরির ক্ষেত্রে তারা অগ্রাধিকার পায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘এটা মোহরাবাসীর জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। কেননা, ৩০ বছর আগের থিয়েটার লৌহিত্য থেকে উঠে এসে অনেক সদস্য আজ জাতীয় পর্যায়ে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখছে। আজ তারাই আবার নতুন করে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা সাংস্কৃতিক প্লাটফর্ম তৈরি করে দিচ্ছে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংগীতশিল্পী শহীদ বলেন, ‘প্রত্যেক এলাকায় লৌহিত্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের মতো সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে ওঠা দরকার। ছাত্রছাত্রীদের সবার আগে ভালো মানুষ হতে হবে, আর সেজন্য তাদের পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চায় মনোনিবেশ বাড়াতে হবে। সমাজকে এগিয়ে নিতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিশু একাডেমির জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নারগিস সুলতানা এবং বিশেষ অতিথি ছিলেন ওয়েল গ্রুপের পরিচালক ও দূরবীণ ব্যান্ডের ভোকাল সৈয়দ শহীদুল ইসলাম, যমুনা টিভির সিনিয়র প্রযোজক মোহাম্মদ তারেক, টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ, তীর্যক নাট্যদলের সক্রিয় সদস্য মফিজুর রহমান, নান্দিকারের এক সময়ের নাট্যকর্মী এহতেশামুল হকসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানসিঁড়ি স্কুলের কর্ণধার ও পরিচালক মোহাম্মদ মাইনুদ্দীন মুজিব।