ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে মঙ্গলবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের জনসভায় মানুষের ঢল নামে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।
ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসন) বর্তমান এমপি মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেন, ‘তিন উপজেলাকে মাদক মুক্ত ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে সিংহ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করুন। এ আসনে গত ৪৫ বছরে যে উন্নয়ন হয়নি তা আমি পাঁচ বছরে করেছি, যা আজ আপনাদের চোখে দৃশ্যমান।’
তিনি আরো বলেন, ‘গত নির্বাচনে আপনারা আমাকে না দেখে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি মাথার ঘাম পায়ে ফেলে উপজেলার নানামুখী উন্নয়নের পাশাপাশি নদী ভাঙনের হাত হতে উপজেলাকে রক্ষায় ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী বাঁধ নির্মানের পাশাপাশি একনেকে ২৯২ কোটি টাকার স্থায়ী বাঁধ প্রকল্প পাস করিয়েছে যে কাজ শুষ্ক মৌসুমে শুরু হবে। এ আসনে নিজেদের ভরাডুবি হওয়ার শঙ্কায় ধানের শীষের প্রার্থী খন্দকার সেলিমকে সঙ্গে নিয়ে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে,আমি আপনাদের সন্তান আমার বিশ্বাস ষড়যন্ত্রের জবাব আপনারা ভোটের মাধ্যমে দিবেন।’
ফুল দিয়ে বরণ করা হচ্ছে মজিবুর রহমান চৌধুরীকে (নিক্সন)। ছবি: চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সিংহ প্রতীকের জনসমুদ্র দেখে আমার বুক ভরে গেছে। আসছে ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ভোট শেষ না হওয়া পর্যন্ত আপনারা এক একজন নিক্সন চৌধুরী হয়ে কেন্দ্র পাহারা দেবেন। আমি বিশ্বাস করি শুধু ভোট না আমার সঙ্গে রয়েছে এলাকার মুরুব্বী ও মা বোনের দোয়া। আছে খেটে খাওয়া মানুষের ভালোবাসা। আমি নিজেকে এমপি না আপনাদের সন্তান মনে করি।’
তিন উপজেলায় এখনও কিছু অসমাপ্ত কাজ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা সিংহ প্রতিকে ভোট দিয়ে আমাকে পুনরায় বিজয়ী করেন। আমি কথা দিচ্ছি এই তিন উপজেলায় কোন মাদক থাকবে না। আমি যতদিন বেচে আছি আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম, আছি থাকব।’
নিক্সন চৌধুরীর মেঝ ভাই লিখন চৌধুরীর ছেলে আয়মন চৌধুরীকে জনসভায় আগত সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই দিন নিক্সন চৌধুরীর জনসভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। দুপুর দুইটার পর হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, পারা, মহল্লা ও সদর বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের উদ্যোগে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে দেখতে দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় কলেজ মাঠসহ আশেপাশের খোলা যায়গা। এ জনসভায় প্রায় ত্রিশ হাজার লোকের সমাগম হয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।
নিক্সনের জনসভায় মানুষের ঢল। ছবি: চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
চরভদ্রাসন থানা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ব্যাপারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. গোলাম রাব্বানী পান্নু কাজি,চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মাষ্টার, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্যা, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মুন্সি, জেলা মটর ওয়ার্কস ১০৫৫ ওয়ার্ড সভাপতি আবুল কালাম মাতুব্বর, সদরপুর আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোরাদ হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মোল্যা,যুবলীগ সভাপতি মোঃ মোরাদ হোসেন, সাবেক ভিপি মিজানুর রহমান, রাসেল জামান, মোঃ মোন্নাফ হোসেন প্রমুখ।
জনসভায় চরভদ্রাসন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. কামরুজ্জামান মোল্যা ও সদরপুরের সাধারন সম্পাদক মোঃ আকাশের নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থক এমপি নিক্সন চৌধুরীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং এ আসনে নিক্সন চৌধুরীকে বিজয়ী করার লক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
ছবি: চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
ইত্তেফাক/জেডএইচ