শান্তির খোজে গঙ্গায় জন্টি রোডস

ভারতে এসেই গঙ্গায় গোসল করে নিজেকে শুদ্ধ করে নিলেন জন্টি রোডস। তার ভারত প্রেমের গল্প আজ নতুন নয়। জন্টি তার নিজের মেয়ের নামও রেখেছেন ইন্ডিয়া। ভারতের প্রতি তার ভালবাসাটা অন্য আট-দশটা বিদেশী খেলোয়াড়ের চেয়ে একটু বেশিই মনে হয়। সামনে আইপিএল। তাই আগামী কয়েকটা মাস জন্টি রোডস ভারতে থাকবেন। ইতিমধ্যে মুম্বাইয়ের ফিল্ডিং কোচ দলের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন।  

২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার আগে মানসিক প্রস্তুতি সারার কাজটা করে রাখলেন জন্টি। মন ও শরীর শুদ্ধ করতে ডুব দিলেন ঋষিকেশের গঙ্গায়। টুর্নামেন্ট শুরুর আগে ভারতে এসেই সোজা ঋষিকেশে চলে গিয়েছিলেন জন্টি। সেখানে গিয়ে গঙ্গায় ডুব দিলেন তিনি। সেই ছবি টুইটারে পোস্ট করে লিখলেন, ‘গঙ্গার ঠাণ্ডা জলে স্নান করার সুফল হল শারীরিক ও মানসিক শান্তি পাওয়া যায়।’

ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে বরাবর সম্মান দিয়ে এসেছেন জন্টি। এমনকি এবার গঙ্গায় স্নান করার ছবি পোস্ট করে আরও একবার যেন সমর্থকদের ভালবাসা ও শ্রদ্ধা আদায় করে নিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার। এরই মধ্যে অনেকে জন্টিকে ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি তুলেছেন। 

ইত্তেফাক/এসআই