হাতি

মূল :লিও তলস্তয়

ইংরেজি অনুবাদ :ফাইনা গ্লালোলেভা

ছবি :আলেক্সেই পাখোমভ

বঙ্গানুবাদ :কাজী আখতারউদ্দিন

একজন লোকের একটি হাতি ছিল।

হাতিটাকে দিয়ে সে খুব কাজ করালেও ঠিকমতো খাবার দিত না। ফলে হাতিটা খুব রেগে গিয়ে একদিন তার মালিকের ওপর তার পা দাবিয়ে দিতেই লোকটি মারা গেল।

লোকটি মারা যাওয়ায় তার স্ত্রী খুব কাঁদতে লাগল। তারপর সে তার ছেলেমেয়েদের এনে হাতিটা যেখানে দাঁড়িয়েছিল, সেখানে ওদেরকে ঠেলে দিয়ে বলল, ‘হাতি! তুমি ওদের বাবাকে মেরে ফেলেছ। এখন ওদেরকেও মেরে ফেল।’ হাতিটা বাচ্চাগুলোর দিকে তাকাল, তারপর বড়ো ছেলেটাকে তার শুঁড়ে তুলে নিয়ে বেশ সাবধানে তার পিঠে বসাল।

তারপর থেকেই হাতিটি ঐ ছেলের কথা মেনে ওদের জন্য কাজ করতে শুরু করল।