বঙ্গবন্ধুর প্রতি খোলা চিঠি

প্রিয় বঙ্গবন্ধু,

জীবনের ওপারে তুমি কেমন আছ জানি না। তুমি কি জানো যে, মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের শাস্তি হয়েছে এবং যারা তোমাকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যা করেছিল তাদের উপযুক্ত শাস্তি হয়েছে। তোমার স্বপ্নের বাংলাদেশে সেই স্বপ্নগুলো পাপড়ি মেলতে শুরু করেছে, যা তুমি দেখেছিলে। একদিন তোমার স্বপ্ন সত্যি করে বাংলাদেশের অবস্থান উন্নত দেশের সারিতে গিয়ে দাঁড়াবে।

যারা নিজের সম্ভ্রমের বিনিময়ে তাদের গ্রাম, অঞ্চল ও প্রাণপ্রিয় দেশকে রক্ষা করেছিলেন, তারা হলেন বীরাঙ্গনা। এরকম অনেক বীর নারী তাদের সম্ভ্রমের বিনিময়ে দেশকে রক্ষা করেছেন। যখন দেশ স্বাধীন হলো, তখন তাদের পিতামাতা অনেক সময় তাদের গ্রহণ করতেন না। তখন তুমি বলেছিলে, ‘বীরাঙ্গনাদের ঠিকানা জানতে চাইলে বলবে ধানমন্ডি ৩২ নম্বর এবং তাদের পিতার নাম শেখ মুজিবুর রহমান।’

মায়ের মুখে শুনেছি, ছায়ানটের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হক দাদুভাই, যখন তুমি স্বাধীনতার ডাক দিয়েছিলে, তখন তিনি ধানমন্ডির ৩২ নম্বরে গিয়েছিলেন এবং একটি গান গেয়ে শুনিয়ে তোমাকে উজ্জীবিত করেছিলেন। আমরা তোমার উত্তর প্রজন্ম, তোমার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার পথে এগিয়ে যাব ঠিক সেই গানটি গেয়েই—

‘আমাদের যাত্রা হলো শুরু,

       ওগো কর্ণধার,

তোমাকে করি নমস্কার।’

ইতি—

তোমার স্বপ্নযোদ্ধা

 সৌবন্তিক সমৃদ্ধ

 ষষ্ঠ শ্রেণি

সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ

ঢাকা