কোথাও কেউ নেই

 

/ ব্রত রায়

 

গুন্ডা হলেও মানুষটা ভালো আছিল বাকের ভাই

বাকের ভাইয়ের তুলনা নিজেই তাহার তুলনা নাই।

বাকের ভাইয়ের স্যাঙাত্ আছিল মজনু এবং বদি

আমোদ পাইতি তাদের কাণ্ড দেখতে পাইতি যদি।

 

এলাকায় ছিল বাকের ভাইয়ের যাহা কিছু জানাশোনা

বাকের ভাইয়ের দুর্বলতার নাম কী আছিল? মুনা!

বাকের ভাইয়ের মাথায় পড়িল মিথ্যা খুনের দায়

বিচারের শেষে ঘোষিত হইল তাহার ফাঁসির রায়!

 

ফাঁসির রায়ের প্রতিবাদে কত মানুষ নামিল পথে

বাকের ভাইকে ফাঁসিতে ঝোলানো যাইবে না কোনো মতে!

অবাক হলেন? অবাক হওয়ার রহিয়াছে আরও বাকি

বাকের ভাই তো নাটকের রোল, বাস্তব কেউ নাকি?

 

সকলেই জানি নাটক যখন লিখতেন হুমায়ূন 

নাটকের চেয়ে বেশি কিছু হতো—লেখার এমন গুণ!

টিভির নাটক মানুষের মাঝে ফেলিত এমন সাড়া

হাসি-আনন্দ-ক্ষোভ-প্রতিবাদে জাগিয়া উঠিত পাড়া!

 

সেই নাটকের কাহিনি লইয়া সিনেমা হচ্ছে—শুনি

বাকের ভাইয়ের রোলে কে আছেন? অভিনেতা এক গুণী (!)!

বিষয়টা নিয়ে ফেসবুক জুড়ে হইতেছে ট্রল রোজ

শেষমেষ ছবি হবে কি হবে না আল্লাখোদাই নোজ!

 

কেহ বলিতেছে ফাঁসি ঠেকানোর জন্য এবার না রে

বরং এবার ফাঁসির দাবিতে মিছিল হইতে পারে!

ধরেন সিনেমা মুক্তি পাইল, মানুষ দেখিল এই—

সিনেমার হল খাঁ খাঁ করিতেছে, কোত্থাও কেউ নেই!