ক্যাটস আই’র স্প্রিং সামার পোশাক
তারুণ্যের মুড আর ডেস্টিনেশনকে প্রাধান্য দিয়েই এবারের স্প্রিং সামার মৌসুমের জন্য নতুন পোশাক এনেছে ক্যাটস আই। আরামদায়ক কাপড়ে থাকছে প্রিন্টেড স্মার্ট ক্যাজুয়াল শার্ট, লং টপস, রাউন্ড নেক টি-শার্ট, কলার ও স্ট্রাইপ বৈচিত্র্যের পলো। এছাড়াও চিনোস, ডেনিম বটমেও থাকছে প্রিমিয়াম কালেকশন। প্রতিটি পোশাকে রঙের ব্যবহারে আনা হয়েছে কোমলতা। ক্যাটস আই’র পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, ‘ক্যাটস আই’র স্প্রিং সামার কালেকশনটি পুরোটাই তারুণ্যনির্ভর। এবারের হাফ বা ফুল হাতা স্মার্ট ক্যাজুয়াল শার্টগুলোও বেশ আটসাট কাটের, যুতসই কলার প্যাটার্ন এবং বর্ণিল প্রিন্টে তৈরি।’
০০০
০০০
রাঁধুনী কীর্তিমতী সম্মাননা প্রদান
নিজ নিজ ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের জন্য চার কৃতি নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৯। গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৯’ প্রদান করা হয়। সাংবাদিকতা, সমাজকল্যাণ, ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়াক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘রাঁধুনী’ এ পুরস্কার প্রদান করে। উল্লেখ্য, একযুগেরও বেশি সময় ধরে ‘রাঁধুনী’ প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে। দীর্ঘদিন সাংবাদিকতা, সমাজকল্যাণ, ব্যবসায় উদ্যোগে সম্মাননা দেওয়া হলেও গত বছর থেকে সম্মাননা প্রদানের ক্ষেত্রে ‘ক্রীড়া’ যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানের শুরু হয় নাদিয়া আহমেদ ও তার দলের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র। তিনি সমধিকার প্রতিষ্ঠায় এই চার কীর্তিমতীর ভূমিকার প্রশংসা করে তাদের এই সাফল্য ভবিষ্যতের আরো কীর্তিমতী তৈরিতে প্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
০০০
রঙ বাংলাদেশ’র স্বাধীনতা দিবসের আয়োজন
স্বাধীনতা দিবস উদযাপনকে ভিন্নমাত্রা দিতে বিশেষ আয়োজন করেছে ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ। এবার কাপড়ের ক্যানভাসে বিজয় আনন্দ থিম হিসাবে ধরা হয়েছে। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরার প্রত্যাশায় গড়া ‘আমার বাংলাদেশ’ সাবব্র্যান্ডের অধীনে তৈরি হয়েছে সকল সামগ্রী। বাবা-মা, মা-মেয়ে, বাবা- ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পড়ে উদযাপন করতে পারবে এবারের স্বাধীনতার উত্সব। মূল রং হিসাবে বেছে নেওয়া হয়েছে সাদা, লাল, পতাকার সবুজ ও টিয়া। আর পোশাক অলংকরণে সহযোগী রং হিসাবে আছে সবুজের নানান সেড, সাদা, টিয়া, গোল্ডেন হলুদ। পোশাকের নকশাকে ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে স্ক্রীন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ ইত্যাদি।