আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকার সব রাজনৈতিক জোট ও দলের সংবিধান ও বাস্তবসম্মত সব দাবি মেনে নিয়েছে।

তিনি বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনী কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে। এ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেনের সঙ্গে মতবিনিময় শেষে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশ গ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, বিজয়ী দল সরকার গঠন করবে। দেশের রাজনৈতিক জোট ও দলের দাবির প্রেক্ষিতে আন্তরিক পরিবেশে দুই দফায় সংলাপ হয়েছে।

তিনি আরো বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যজোট এবং বি. চৌধুরীর নেতৃত্বে জোটসহ সকল রাজনৈতিক দল সংবিধানের আলোকে এ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।

আরো পড়ুনঃ দেশে চার কোটি মানুষের কর দেয়া উচিত: অর্থমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণ করেছে। এখন ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/কেকে