বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকার গণতন্ত্রকে নির্দিষ্ট গতিতে চলতে দিচ্ছে না। ২০-দলীয় জোটসহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারে হামলা চালানো হচ্ছে। প্রচার করতে দেয়া হচ্ছে না।’
বুধবার দুপুরে ২০-দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
নজরুল ইসলাম খান বলেন, ‘এই সরকারের আমলে যারা মার খায়, তারাই হয় আসামি। যারা মারে তারা দোষী হয় না। হামলার শিকার ব্যক্তিদের নামে উল্টো মামলা দেয়া হচ্ছে।’
মুক্তিযোদ্ধারাও ক্ষমতাসীন দলের হামলা থেকে বাঁচতে পারছে না উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘বিভিন্ন স্থানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ওপর হামলা হচ্ছে। হাটহাজারীতে ২০ দলের অন্যতম শীর্ষ নেতা মেজর জেনারেল (অব.) ইবরাহিম বীরপ্রতীকের ওপর গতকাল হামলা হয়েছে।’
তিনি বলেন, ‘হামলা করে রক্তাক্ত জখম করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর। হামলা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেমের ওপর। কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামানকে হামলা করে রক্তাক্ত করা হয়েছে।’
আরো পড়ুনঃ লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হামলায় নিহত ৩
নজরুল বলেন, ‘এসব প্রমাণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে নয়, তারা নিজ দলের স্বার্থে কাজ করছে৷’
ইত্তেফাক/কেকে