আহত গয়েশ্বরকে দেখে এলেন নসরুল হামিদ

হামলায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে দেখে এলেন আওয়ামী লীগ নেতা এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বুধবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে গয়েশ্বর রায়ের কার্যালয়ে যান বিপু। 

গয়েশ্বরের সঙ্গে সাক্ষাৎকারের সময় নসরুল হামিদ বিপু বলেন, হামলার ঘটনায় আমি মর্মাহত। এ ধরনের ঘটনা কখনো কাম্য নয়। ঘটনার জন্য দোষীদের আইনের আওতায় এনে শাস্তিরও দাবি জানান তিনি।

এসময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঘটনার পেছনে গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে আমি মনে করি। তবে এই ঘটনার জন্য আমি কোনও মামলা করবো না।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নসরুল হামিদ বিপু ও  কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ গয়েশ্বর চন্দ্র রায়ের অফিসে গিয়েছিলেন। তারা সেখানে এক ঘণ্টা অবস্থান করেন।

গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে নসরুল হামিদ বিপু। ছবি: সংগৃহীত

মঙ্গলবার বিকালে ঢাকা- ৩ আসনের কেরানীগঞ্জের কদতমলী জিনজিরা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে গয়েশ্বর চন্দ্রের ওপর হামলা করা হয়। হামলায় তার মাথা ফেটে যায়। পরে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়। বর্তমানে নয়াপল্টনের কার্যালয়ে বিশ্রামে আছেন তিনি।

আরো পড়ুন: জানুয়ারি ট্রান্সফারে লিভারপুলের দরজা খোলা থাকবে: ক্লপ

গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত সহকারী মো. শাহিন বলেন, প্রচারণাকালে তার ওপর লাঠি-শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। 

দক্ষিণ কেরানীগঞ্জ যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ জানান, নির্বাচনী গণসংযোগের সময় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা নির্বাচনী গণসংযোগে অতর্কিত হামলা চালায়।

প্রসঙ্গত, ঢাকা-৩ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন নসরুল হামিদ বিপু। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন গয়েশ্বর চন্দ্র রায়।

ইত্তেফাক/জেডএইচ