ড. কামালের নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছে পুলিশ

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার চেম্বারে গিয়েছিলেন বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা ড. কামালের কাছে তার নিরাপত্তার বিষয়ে জানতে চান বলেও জানায় পুলিশ। 

বুধবার দুপুরে হঠাৎ করে মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ভবনে ড. কামাল হোসেনের চেম্বারে যান পুলিশ কর্মকর্তারা। একে ড. কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বলে জানান তারা। প্রায় ১৫ মিনিট এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন এসব কথা বলেন।

আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, স্বাভাবিক কাজের অংশ হিসেবে আমরা এখানে এসেছিলাম। তার (কামাল হোসেন) নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে এসেছিলাম।

ড. কামালের ওপরে হুমকি আছে কী না- জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, আমাদের কাছে উনি এমন আশঙ্কা প্রকাশ করেন নাই। 

আরো পড়ুন: মাত্র ১২ হাজার টাকায় বিয়ে, প্রশংসায় ভাসছেন যুবক (ভাইরাল)

কী কারণে এসেছেন- জানতে চাইলে আনোয়ার বলেন, ড. কামালের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। ড. কামাল হোসেনের আলাদা কোন অবজারভেশন আছে কী না;  এবিষয়ে খোলা-মেলা আলোচনা হয়েছে। 

ডিএমপি কমিশনারের আসার কথা ছিল, শুনতে পেয়েছি, ড. কামালের সঙ্গে উনার ফোনে কথা হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনোয়ার বলেন, এবিষয়ে  বলতে পারবেন ‘ডিএমপি কমিশনার’। 

মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের প্রতিনিধি দলে ছিলেন, এডিসি শিবলী নোমান, নাজমুন নাহার ও সহকারী কমিশনার মিশু। 

ইত্তেফাক/জেডএইচ