সিনেমাওয়ালা’র জুটি...

নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রধান সহকারী পরিচালক হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন এবি রোকন। এবার রাজেরই উত্সাহে রাজেরই প্রযোজনায় প্রথমবারের মতো নির্দেশকের খাতায় নাম লেখালেন এবি রোকন। রুশো আহমেদের গল্প ভাবনায় এবি রোকনের পরিচালনায় আবারও নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। নাটকের নাম ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’। চলতি বছরের সবচেয়ে দর্শকপ্রিয় নাটকের অন্যতম হলো মিজানুর রহমান আরিয়ানের ‘বুকের বাঁ পাশে’। এই দর্শকপ্রিয় আলোচিত জুটিই এবি রোকন নির্দেশিত প্রথম নাটকে অভিনয় করেছেন। আর এ কারণে নির্মাতা রোকনও ছিলেন বেশ উচ্ছ্বসিত। বারবার তিনি তার গুরু রাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন। অবশ্য তার কাজে তার পাশে থেকেই রাজও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। গত ২২ ও ২৩ ডিসেম্বর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘এবি রোকনকে অভিনন্দন পরিচালক হিসেবে তার যাত্রা শুরুর জন্য। আমি, মেহজাবিনসহ অন্য যারা ছিলেন, আমরা সবাই তাকে আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি যেন কাজটি ভালো হয়। সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে। আর আমি ও মেহজাবিন—দুজনই এখন অভিনয়ে যথেষ্ট ম্যাচিউরড। যে কারণে এই সময়ে এসে চ্যালেঞ্জিং কাজগুলো করতে বেশ ভালো লাগে। কারণ দুজনের মধ্যে তখন কাজের বোঝাপড়াটা চমত্কার হয়।’ মেহজাবিন চৌধুরী বলেন, ‘নাটকের গল্পটা একটু অন্যরকম। নতুন নির্মাতা এবি রোকনকে অভিনন্দন। তার আগামীর পথ চলা অনেক সুন্দর হোক। আমরা সবাই চেষ্টা করেছি নাটকটি দর্শকের মনের মতো একটি কাজে পরিণত করতে। নিশো ভাইয়ার সঙ্গে কাজ করাটা সবসময়ই আমি বেশ উপভোগ করি। কারণ তিনি অভিনয় নিয়ে সবসময়ই এক্সপেরিমেন্ট করেন। একজন সহশিল্পী হিসেবে এটা আমাকে আমার অভিনয় নিয়ে ভাবতে শেখায়। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’তে নাটকটি প্রচারিত হবে। এদিকে গেল সপ্তাহে মেহজাবিন চৌধুরীর ইউটিউব চ্যানেলে ‘মেহজাবিন চৌধুরী’ এক লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এ নিয়ে দারুণ খুশি মেহজাবিন। নিজের ইউটিউব চ্যানেলের জন্যও তাকে এখন আলাদা সময় বের করতে হচ্ছে। তবে পেশাগত কাজ অভিনয়ে যেন কোনোরকম ঝামেলা না হয় সেদিকেও বিশেষ দৃষ্টি রাখছেন তিনি।