মন খোলা রাখছেন রুট

করোনা ভাইরাসের ভয়কে জয় করে এখন শ্রীলঙ্কা সফরে আছে ইংল্যান্ড দল। ১৯ মার্চ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের প্রথম টেস্ট হবে গলে। আর আগে খুব সতর্ক ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট। তিনি বলেছেন, শ্রীলঙ্কার কাছ থেকে পালটা আক্রমণ দেখার জন্য তৈরি আছেন তারা।

ইংল্যান্ড যখন সর্বশেষ শ্রীলঙ্কা সফরে এসেছিল, স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে গিয়েছিল। সেই সফরে ৩-০ ব্যবধানে জিতেছিল তারা টেস্ট সিরিজ। স্পিনবান্ধব উইকেটে তাদের ব্যাটিং ছিল খুবই কার্যকর।

এবার সফরে আসা রুট বলছিলেন, আগেরবারের ফলাফল ভেবে সন্তুষ্ট হয়ে থাকলে চলবে না। তারা ভিন্ন এক ধরনের চ্যালেঞ্জ আশা করছেন এবার, ‘এবার আমরা ভিন্ন ধরনের একটা দল নিয়ে সফরে এসেছি। আমরা আশা করছি, এবারের উইকেট একটু ভিন্ন হবে। আমরা আসলে এগুলোর মুখোমুখি হওয়ার জন্য খুবই মন খোলা রেখেছি। তবে শেষ পর্যন্ত এটা আসলে আমাদের দলের খেলোয়াড়দের নিজেদের আরেকবার প্রমাণ করার সুযোগ। তারা দেখাতে পারেন যে, তারা কী করতে পারে।’

রুট মনে করেন, আগেরবার বছরের যে সময়টায় এসেছিলেন, এবার অন্য সময়ে আসায় চিত্রটা অনেক বদলে যেতে পারে। এ ছাড়া মিকি আর্থার শ্রীলঙ্কার হয়ে বড়ো একটা ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন তিনি। ‘আমি মনে করি, গতবার আমরা বছরের ভিন্ন একটা সময়ে এখানে এসেছিলাম। আর আমি নিশ্চিত মিকি (আর্থার) ও অন্যান্য যারা আছে, তারা কিছু ভূমিকা রাখবে। শ্রীলঙ্কাও এখন একটু অন্যরকম ক্রিকেট খেলছে। আগেরবার এখানে আবহাওয়া খুব প্রতিকূলে ছিল, এটা সত্যি। আমরা তার মধ্যেও ভালো করেছিলাম।’

সবমিলিয়ে রুট মনে করেন, এবার একটা ভিন্ন একতটা চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত রাখাই সেরা সমাধান, ‘আমি মনি করি, মনটা খোলা রেখে সিরিজ শুরু করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি আশা করি যে, আগেরবার যা ঘটেছে, এবারও ঠিক তাই ঘটবে, তাহলে আমরা ভুল করব। আমাদের জন্য এটা জরুরি যে, সামনে যে ধরনের চ্যালেঞ্জ আসবে, সেই ধরনের ক্রিকেট খেলা।’

ইংল্যান্ড শুধু গত সিরিজের কারণে নয়; নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সেও আত্মবিশ্বাসী থাকতে পারে। এই বছরেরই শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় তারা ৩-১ ব্যবধানে সিরিজ জিতে এসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটা এখন তাদের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠায় বড়ো ভূমিকা রাখতে পারে ইংল্যান্ডের জন্য।