কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে নাটক ‘কোর্ট মার্শাল’ মঞ্চস্থ

ফারুক আহমেদ

ত্রিশাল সংবাদদাতা

 

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মঞ্চনাটক ‘কোর্ট মার্শাল’ মঞ্চস্থ হয়েছে।

রবিবার মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি এই মঞ্চনাটকটি মঞ্চায়ন করা হয়। প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গাজুড়ে মঞ্চ সাজানো হয়। নাটকটিতে ১২০ জন অভিনয় করেন। নাটকটি মঞ্চায়ন করা হয় বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হল, লাইব্রেরি ভবন, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন ভবন ও এর সম্মুখ ভাগ এবং কেন্দ্রীয় মাঠের একাংশে।

ক্যান্টনমেন্টের একটি পরিবেশ তৈরি করে থিয়েটারের মাধ্যমে ‘কোর্ট মার্শাল’ নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটিতে ব্যবহূত হয় একটি মাইক্রোবাস, একটি জিপ, একটি অ্যাম্বুলেন্স, একটি আর্মি ভ্যান, ৭টি মোটরবাইক, ৫টি সাইকেল ও একটি রিকশা।

মঞ্চটি তৈরি করতে প্রায় ২ মাস সময় লেগেছে। সকাল থেকে রাত অবধি চলে মঞ্চ নির্মাণের কাজ। নাটকটি নির্মাণে প্রধান উপদেষ্ট হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। এছাড়াও ছিলেন থিয়েটার অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজ বিভাগের প্রধান ইসমত আরা ভূঁঞা । সেট, লাইট কস্টিউম, মিউজিক, মেক-আপসহ সকল কাজের সমন্বয় করেন থিয়েটার অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজ শিক্ষার্থীরা। নাটকটিতে অভিনয় করেন ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।

নাটকটির প্রযোজক মাজহারুল হোসেন তোকদার বলেন, ‘নব্য রূপায়ণ স্ক্রিপ্ট ও নির্দেশনায় এনভায়রনমেন্টাল থিয়েটারে আঙ্গিকে নাটকটি উপস্থাপন করেছি।

নাটকটিতে মুক্তিযুদ্ধের চেতনা রূপায়িত হয়েছে। এই নাটকটি বাংলাদেশের বৃহত্ মঞ্চনাটকের মধ্যে অন্যতম। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় মঞ্চনাটক।’