করোনা ভাইরাসের বিরুদ্ধে বার্তা দিলেন কোহলি

বিশ্বজুড়ে এখন একটাই নাম করোনা ভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ক্রীড়া-ক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়েছে এই মরণ ব্যাধি ভাইরাসটি। ভাইরাস ভীতি জাঁকিয়ে বসেছে মাঠে-ময়দানে। রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ করা ভাল, করোনাভাইরাসের বিরুদ্ধে এমন বার্তা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ধর্মশালা থেকে লখনউতে যাওয়ার সময় ভারত অধিনায়ককে মাস্ক পরতে দেখা গিয়েছে। যদিও ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ আপাতত বাতিল হয়ে গিয়েছে করোনাভাইরাসের কারণে। এবার করোনা সচেতনতায় বিরাট কোহলি টুইট করে লেখেন, ‘সবাই শক্ত থাকুন। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করুন সব ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা নিন। নিরাপদে থাকুন। মনে রাখবেন প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ করা ভালো। সবাই সাবধানে থাকুন।’

মহামারী করোনার থাবায় ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল। উদ্বেগজনক পরিস্থিতিতে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুটি ম্যাচও বাতিল করা হয়েছে। সিরিজের প্রথম ম্যাচ ধর্মশালা বৃষ্টিতে ভেস্তে যায়। আপাতত বাতিল হয়ে যাওয়া এই একদিনের সিরিজ খেলতে পরবর্তী সময়ে আবার ভারতে ফিরবে দক্ষিণ আফ্রিকা।

ইত্তেফাক/এসআই