বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। অন্তত চারজনের প্রাণ সঙ্কটাপন্ন।
এর আগে শনিবার বিকেলে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙা এলাকায় বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে দুজন নিহত হন।
এদিকে দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে পাঁচজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, মাদারীপুর জেলার সদর উপজেলার পূর্বতলা গাজিরা গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে অপূর্ব হাওলাদার (৩৬), একই জেলার রাজৈর উপজেলার লিয়াকত আলী খালাসীর পাঁচ মাস বয়সী শিশু লাফিজা আক্তার জান্নাতী, খুলনার হরিণটানা উপজেলার সাচিবুনিয়া গ্রামের ছিরু মিঞার স্ত্রী রুমি আক্তার (৩৫), বরগুনার তালতলী উপজেলার বথিরপাড়া গ্রামের সগীর খাঁর স্ত্রী হামিদা বেগম (৩০) এবং কুষ্টিয়ার খাদা মজুপুর এলাকার মোশারেফ হোসেনের ছেলে আব্বাস উদ্দীন (৪৫)।
আরও পড়ুন: কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার, মামলার সিদ্ধান্ত
বাগেরহাট কাটাখালী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম রবিবার সকালে এই প্রতিবেদককে বলেন, নিহতদের স্বজনরা পরিচয় নিশ্চিত করেছেন। আজ স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি জানান, ট্রাকের চাকা ফেটে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
ইত্তেফাক/এসি