করোনা আতঙ্কে ঝুঁকি এড়াতে রবিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল অনুষদের শিক্ষার্থীরা। সরকারের নির্দেশনা পেলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রবিবার বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের গণস্বাক্ষর গ্রহণ করে ছাত্র প্রতিনিধিরা ক্লাস বর্জনের বিষয়ে নিজ নিজ অনুষদীয় ডিনের নিকট জমা দেন। এছাড়াও দুপুরে প্রতিটি অনুষদের ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন ও প্রশাসনিকভাবে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধের দাবি জানান।
এ বিষয়ে কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. শাহেদ হোসেন বলেন, করোনার ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন: ‘বেছে নিতে হচ্ছে কোন রোগীকে চিকিৎসা দেব, কাকে দেব না’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, আমরা যত্ন সহকারে করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। করোনা ভাইরাস প্রতিরোধে ক্যাম্পাসে সকল ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। বিশ^বিদ্যালয় বন্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।
ইত্তেফাক/বিএএফ