আসলাম সানী
এই শ্রীচৈতন্য-বারো আউলিয়ার লোক বাংলার
আর্য-অনার্য-দ্রাবিড়ার পললভূমি
আমার পূর্ব পুরুষের স্মৃতিময় ভূ-খণ্ড
পুণ্য-পবিত্র গৌরবান্বিত রাঢ় বঙ্গে
চর্যাপদের সুললিত বাণী লয়ে
এসেছিলেন প্রপিতা মাতামহের
নাভীমূল ছুঁয়ে মহান ভূমিপুত্র—
বাল্মীকি-ভুসুক-কালীদাসের গীতগরিমা
ময়মনসিংহের গীতিকা-চন্দ্রাবতী-খনা-বেহুলার
কোটি আলোকবর্ষের ইতিহাস আমার-
ছিলেন মাইকেল-রামমোহন-বিদ্যাসাগর
নেতাজি-রবীন্দ্র-নজরুল-ঐতিহ্য সুখে,
পদ্মা-মেঘনা, যমুনা-গঙ্গার আবহমান বাংলাভাষা
গীতাঞ্জলি-অগ্নিবীণার সুর
সুজলা-সুফলা-শস্য-শ্যামলা
রূপসী বাংলার জীবনানন্দ প্রেম—
ক্ষুদিরাম-সুর্যসেনের দ্রোহ-হিমালয়
দেবদূত-মুক্তিদাতা বাহান্ন একাত্তর প্রাণ
স্বাধীনতার কালজয়ী সূর্যস্রষ্টা
বঙ্গবন্ধু শেখ মুজিব-প্রথম ও একমাত্র—
আত্মপরিচয়-রাজাধিরাজ
জাতিসত্তায় পরম পিতা
অস্তিত্ব বাংলাদেশ
লাল-সবুজের শান্তি-সম্প্রীতির ব-দীপ
ঐশ্বর্যের ঠিকানা আমার
আদর্শ পিতা...।