এই বাংলা মুজিবময়

মুহাম্মদ সামাদ

 

আকাশ ভরা আলোর ঢলে

শাপলা ফুলে নদীর জলে

জোনাকজ্বলা বাঁশবাগানে

ভাটিয়ালির সুরের টানে

নায়ের পালে মাঝির গানে

ধানের ক্ষেতে তিল-তিসিতে

শিশির ভেজা ঘাসের দেশে

মায়ের কোলে মুজিব আসে।

 

ভালোবাসায় ভরিয়ে তীর

পদ্মা মেঘনা মধুমতীর

জনসাগর উছলে দিয়ে

বাংলাদেশের বিজয় নিয়ে

মুজিব আসে বীরের বেশে।

 

সবুজ বনে পাখির গানে

বাতাস ফেরে খুশির তানে

তাকাও কাছে তাকাও দূরে

পাহাড় ভেঙে পাতাল ফুঁড়ে

মুজিব হাসে আকাশ জুড়ে।

হঠাত্ দেখি আঁধার নামে

হারিয়ে যায় তারার মেলা

চাঁদের আলো মেঘের খেলা

আমের বোলে শিমুল ফুলে

পাখ-পাখালি সবাই থামে!

খোকার চোখে খুকির চোখে

আকাশ ভেঙে কান্না নামে

লক্ষ বোনের চোখের জলে

মা-যে হারায় অতল তলে

হে দয়াময়—কী দুঃসময়!

 

শিশুর মুখে চাষির বুকে

সাহস দিতে সেই সে শোকে

আবার দেখো উচ্চ শিরে

আঁধার চিরে আকাশ ঘিরে

সূর্যের তেজে মুজিব আসে

মুজিব আসে মুজিব আসে...

 

মুজিব আনে মুক্তি ও জয়

দেখো, এই বাংলা মুজিবময়।