নাবিক ও এমওডিসি পদে জনবল নেবে নৌবাহিনী

আরিফুর রহমান

 

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী।  বিজ্ঞপ্তি অনুযায়ী নৌবাহিনীর বি-২০২০ ব্যাচে ‘নাবিক’ ও ‘এমওডিসি (নৌ)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। কেন্দ্রভেদে বাছাই প্রক্রিয়া চলবে ১৯ মার্চ থেকে ২২ এপ্রিল ২০২০ খ্রি. পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাত্কার নিজ নিজ জেলার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যাঁরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাত্কারের পর লিখিত পরীক্ষায় উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন, তাঁদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) : এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৩.০০ গ্রেড পাস করতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেডপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। মেডিকেল : জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৩.০০ গ্রেডে পাস করতে হবে। পেট্রোলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ট ও এমওডিসি (নৌ) : শিক্ষাগত যোগ্যতা  হিসেবে প্রয়োজন হবে এসএসসি/সমমান পরীক্ষায় (যেকোনো বিভাগ) ন্যূনতম জিপিএ ৩.০০ এবং টোপাস পদের জন্য প্রয়োজন হবে পঞ্চম শ্রেণি পাস। বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি : ৬/৬। সব পদের জন্য বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে। সাঁতার জানা আবশ্যক। প্রত্যেককেই অবিবাহিত হতে হবে। আবেদনকারীদের বয়সসীমা হতে হবে ১ জুলাই ২০২০ তারিখে ‘নাবিক’ পদে ১৭-২০ বছর এবং এমওডিসি (নৌ) পদে ১৭-২২ বছর।

প্রার্থীর অযোগ্যতা

আদালত কর্তৃক ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন কোনো মামলায় অভিযুক্ত থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে। নৌ/সেনা/বিমানবাহিনীর চাকরি বা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ করলে; সশস্ত্র বাহিনী কিংবা সরকারি চাকরি থেকে নিষিদ্ধ হলেও প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন।

বাছাই পরীক্ষার সময় যেসব কাগজপত্র আনতে হবে

এসএসসি/সমমান যোগ্যতার সাময়িক সনদপত্র, প্রশংসাপত্র এবং নম্বরপত্র বা মার্কশিটের মূল অথবা সত্যায়িত ফটোকপি সঙ্গে থাকতে হবে। কোনো কারণে যাঁরা মূল বা সাময়িক সনদ দিতে অপারগ হবেন, তাঁদের ভর্তি হওয়ার সময় মূল সনদের সত্যায়িত ফটোকপি দিলেও চলবে। তবে খুলনাস্থ প্রশিক্ষণকেন্দ্রে (বিএনএস তিতুমীর) যোগদানের সময় অবশ্যই সনদের মূলকপি জমা দিতে হবে। পঞ্চম শ্রেণি পাস প্রার্থীদের স্কুল থেকে পাসকৃত সনদ ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদপত্র জমা দিতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১৫ কপি সত্যায়িত রঙিন ছবি, পিতার ১ কপি, মাতার ১ কপি সদ্য তোলা রঙিন ছবি প্রথম শ্রেণির সরকারি গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে সঙ্গে আনতে হবে। (ছবি অবশ্যই রঙিন ও ল্যাব প্রিন্ট হতে হবে)। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত মুক্তিযোদ্ধা সনদপত্রের ফটোকপি এবং তাদের পোষ্য হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

‘নাবিক’ (Sailor) পদে আগ্রহী প্রার্থীদের www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে গিয়ে হোমপেইজের ডান দিকে APPLY NOW  [ Sailor and MODC (N) ] ক্লিক করে অনলাইনে ভর্তি ফরম পূরণ অনুসরণ করতে হবে। আবেদনের ভর্তি ফরম অনলাইনে জমাদানের পর অনলাইন ব্যাংকিং (যেমন—Master Card, Visa Card I American Express) মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং (যেমন—বিকাশ, রকেট, টি-ক্যাশ, ইজি ক্যাশ, শিউরক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ানক্যাশ, কিউক্যাশ, নেক্সাস, অ্যামেক্স) মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে।

আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সঙ্গে সঙ্গে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ রাখতে হবে। পরবর্তী সময়ে প্রার্থীদের বিজ্ঞাপনে উল্লেখকৃত তারিখের দিনে নির্দিষ্ট সময়ে সকাল ৮টায় প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রসহ ভর্তিকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

উল্লেখ্য, ট্রাস্ট ব্যাংকের (টি-ক্যাশ) মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এ জন্য ২২০ টাকা থাকতে হবে। যারা টি-ক্যাশ মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন না, তাদের ট্রাস্ট ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে ২০০ টাকা ‘বিএন রিক্রুটমেন্ট ফান্ড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিনি্সপাল ব্রাঞ্চ, ঢাকা’ অনুকূলে জমা দিয়ে মানি রিসিপ্ট বা পে-অর্ডার সংগ্রহ করতে হবে। যারা মানি রিসিপ্ট বা পে-অর্ডার সংগ্রহ করতে পারবেন না, তাঁরা ভর্তি পরীক্ষার দিন নিজ নিজ কেন্দ্র থেকে সকাল ৮টায় ২০০ টাকা (২০০ টাকা মাত্র) দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে ২০০ টাকার রসিদ যুক্ত করতে হবে।

বাছাই পরীক্ষা

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাত্কার নিজ নিজ জেলার কেন্দ্রে (বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে) অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যারা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাত্কারের পর লিখিত পরীক্ষায় উপযুক্ত হিসেবে বিবেচিত হবে, তাঁদের লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের ওপর) নেওয়া হবে। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা চূড়ান্ত মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ‘নাবিক’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ১ জুলাই ২০২০ (পরিবর্তনযোগ্য) তারিখে খুলনার বিএনএস তিতুমীরে যোগ দিতে হবে। নিজ নিজ জেলার কেন্দ্রে নির্ধারিত তারিখে বাছাই কার্যক্রম সকাল ৮টা থেকে অনুষ্ঠিত হবে। কেন্দ্রভেদে বাছাই পরীক্ষা হবে ১৯ মার্চ থেকে ২২ এপ্রিল ২০২০ পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়া যাবে  www.joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে