করোনা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা ওঠে যাওয়ার পর আবার ফ্লাইট অপারেশন শুরু করবে রিজেন্ট এয়ারওয়েজ।
সোমবার জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী কোভিড ১৯-এর প্রাদুর্ভাবের কারণে চলমান সংকটের কথা বিবেচনা করে ২২ মার্চ থেকে সব ধরনের ফ্লাইট অপারেশন (আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ) সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।
রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনার বিস্তার যতই ছড়িয়েছে ততই বিভিন্ন দেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে। দেশ সমূহে প্রবেশাধিকারে কড়াকড়ি হওয়ায় বিভিন্ন বিমান সংস্থা অনির্দিষ্টকালের জন্য তাদের সব কার্যক্রম স্থগিত করে, যা বিশ্বব্যাপী এভিয়েশন শিল্প এক ক্ষতির সম্মুখীন হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতি সত্ত্বেও গত ৮ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুট যেমন কাতার, ভারত, ওমান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে রিজেন্ট এয়ারওয়েজ সীমিত পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করে গেছে।
পরিস্থিতি স্বাভাবিকতায় দ্রুত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে রিজেন্টের সিইও বলেন, ‘এই সঙ্কটের সময়ে, পরবর্তী সপ্তাহ বা মাসগুলোতে এভিয়েশন শিল্পের আঞ্চলিক ও বৈশ্বিক বাজার পরিস্থিতি, স্বাভাবিক অবস্থার ওপর আমরা সার্বক্ষণিক নজর রাখব। সে হিসেবে আমরা নিজেদের কার্যক্রম আবারও পুরোদমে চালু করতে উদ্যোগী হবো।
ইত্তেফাক/জেডএইচ