মো. আব্দুল্লাহ আল সাফি
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা রেখা রাণী ঘোষ (৭০)। তিনি একজন সফল জননী হিসেবে, ‘জয়িতা তোমরা বাংলাদেশের বাতিঘর’ শিরোনামে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের একজন হয়েছেন তিনি। ১৯ ফেব্রুয়ারি ২০২০ইং সকাল ০৯টা থেকে দুপুর ০১টা পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসার সভাপতিত্বে এই আয়োজন ছিল শিল্পকলা একাডেমিতে। সফল জননী প্রথম জয়িতা রেখা রাণী ঘোষ পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা হরিপদ ঘোষ ও মা বাসন্তী ঘোষ। চার ভাই-বোনের সবার ছোটো রেখা রাণী ঘোষ পড়ালেখায় মেধাবী হলেও মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছেন। অল্প বয়সে বিয়ে হয়ে গেলেও দীর্ঘ সংসার জীবনে কোথাও কোনো ভুল ছিল না। তার স্বামী সন্তোস কুমার ঘোষ একজন ব্যবসায়ী। মানিকগঞ্জের ঘিওরে তার বাড়ি। ব্যবসায়ের কাজে স্বামী সংসারে নজর দিতে না পারলেও তিনি শ্রম ও মেধা দিয়ে সন্তানদের প্রতিষ্ঠিত করে তুলেছেন। তিনি একজন সফল স্ত্রী ও সফল মা। সংসারের সেই সফল মায়ের অবদানে আজ এই দেশের একজন সফল জননী হতে পেরেছেন। তার সাত ছেলেমেয়ের মাঝে প্রথম সন্তান ডাঃ দিলীপ কুমার ঘোষ, সহকারী অধ্যাপক, শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। দ্বিতীয় নিতাই কুমার ঘোষ, সহকারী অধ্যাপক, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। তৃতীয় গৌরাঙ্গ কুমার ঘোষ (এম এ) একজন সফল ব্যবসায়ী। চতুর্থ আনন্দ কুমার ঘোষ, প্রভাষক, তেরশ্রী কলেজ, মানিকগঞ্জ। পঞ্চম অজয় কুমার ঘোষ, বি এস সি ইঞ্জিনিয়ার, পেট্রোবাংলা। ষষ্ঠ কল্পনা রাণী ঘোষ, সহকারী শিক্ষা কর্মকর্তা, সপ্তম অঞ্জনা ঘোষ, সহকারী শিক্ষক। সফল জননী রেখা রাণী ঘোষের সন্তানেরা এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশের সেবা করে যাচ্ছেন। সফল জননী হিসেবে প্রথম জয়িতা পুরস্কার পেয়েছেন এই অনুভূতিতে তিনি জানান এটা সমাজ, সংসার ও এ দেশের কাছে বিশাল পাওয়া। তিনি মনে করেন এ দেশের প্রতিটি সন্তান যেন তার সন্তানদের মতো হয় এবং প্রতিটি মা যেন সফল জননী হয় এটা প্রত্যাশা করেন সফল জননী রেখা রাণী ঘোষ।