যে আড্ডায় বেঁচে থাকে ক্যাম্পাস বেঁচে থাকে প্রাণ

 

স্বপ্ন পূরণের অন্যতম মাধ্যম হল বিশ্ববিদ্যালয়। এখানে রয়েছে উন্মুক্ত জ্ঞানচর্চা আর স্বাধীন চিন্তা বিকাশের অফুরন্ত সুযোগ। এখানে জীবন শুরু হয় নবোদ্যমে, নব আঙ্গিকে। এসব মুক্তমনা শিক্ষার্থীরাই হলো একটি ক্যাম্পাসের প্রাণ। উচ্ছ্বাস আর উদ্দীপনায় মিশানো তারুণ্যের আড্ডায় আলোকিত এক ক্যাম্পাসের নাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়। লালমাই পাহাড়ের পাদদেশে প্রকৃতির আপনকোলে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলো থাকে সরগরম ও প্রাণবন্ত। কাঁঠালতলা, বাবুই চত্বর, শহীদ মিনার, মুক্তমঞ্চ, লালনচত্বর,  বৈশাখী চত্বর, পরিবহন মাঠ, ফ্যাক্টির ছাদসহ এই সবুজ ক্যাম্পাসের প্রতিটি ধূলিকণা হাসছে এসব তারুণ্যের প্রাণচঞ্চল ছোঁয়াতে। বিশ্ববিদ্যালয় মানেই ক্লাস, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন, কুইজ, মিড, সেমিস্টার ফাইনালসহ অনেক দুর্বিষহ সব কাজের সমাহার। এসব ব্যস্ততার মাঝেও যদি অবসর সময়গুলোকে হাসি তামাশা আর প্রাণবন্ত আড্ডায় কাটানো যায়, তাহলে তো আর কথাই নেই।

আড্ডার একেক দিনের বিষয়বস্তু একেক রকম। কখনো প্রাত্যহিক জীবনের নানা স্মৃতি, কখনো আবার স্বপ্ন পূরণের নানা ক্যারিয়ার পরিকল্পনা। কারও মুখে থাকে আবার সর্বদা গল্পবাজি ও হরেক রকমের মন মাতানো গান। এমনই এক শিক্ষার্থী ইমাম হোসেন মাসুম। কখনো তার কণ্ঠে ভেসে আসে ভাটিয়ালী, কখনো পল্লীগীতি, কখনো আবার অনেক নামিদামি ব্রান্ডের জনপ্রিয় শিল্পীদের মতো মাতানো গান। তার সুরের মূর্ছনা দিয়ে মাতিয়ে রাখে সকলকে। ক্যাম্পাস আড্ডা নিয়ে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মোহাম্মদ সোহান বলেন, বন্ধুদের সাথে কাটানো এই আড্ডাগুলোই নিজেকে সতেজ করে রাখার অন্যতম পাথেয়। অনেক ব্যবস্তার মাঝেও আনন্দ ও উচ্ছ্বাসে জড়ানো এ আড্ডাগুলো কখনো নিজেকে হাসি বা কখনো বন্ধুদের ভালোবাসায় মোড়ানো রম্যরসে নিজেকে লজ্জায় গুটিয়া রাখে। দিনশেষে এমন মজার মুহূর্তগুলোই পরবর্তী দিনের সঞ্জীবিত শক্তি হিসেবে কাজ করে।

ক্যাম্পাসের আরেক প্রিয়মুখ সায়মন আহমেদ বলেন, ক্যাম্পাস আড্ডায় আমরা খুঁজে পাই প্রকৃত বন্ধুদের মজবুত খুঁটি। মানুষ যখন বেদনা ভারাক্রান্ত হয়ে ওঠে তখন বন্ধুর কাছ থেকে সে প্রথম সান্ত্বনা পায়, আর যখন আনন্দে উদ্বেল হয়ে ওঠে তখন এ আনন্দের খবর সে প্রথম বন্ধুকেই জানায়। আর শত ব্যস্ত থাকলেও ক্যাম্পাসে যখন একসাথে বসে আড্ডা দেই তখন সারাদিনের ক্লান্তি সব ভুলে যাই। সবাই এক সাথে হাসি খুশিতে মেতে ওঠি। এছাড়া শাখাওয়াত, আকিল, রেজা, মাসুদ, তোফায়েলের মতে, আড্ডা ছাড়া ক্যাম্পাস লাইফ অসম্ভব। এই আড্ডাই মাতিয়ে রাখে ক্যাম্পাস, বাঁচিয়ে রাখে প্রাণ।