জোড়া সাঁকো

১. একদিন

 

স্বপ্নের কংকাল বারবার ভিজে যায় প্রিয় সৈকতে

দৃশ্যপ্রাণ মানুষের চোরা দীর্ঘশ্বাসে

ঢুকে পড়ে ফেনা-ফেনা নোনা পানি

রিমঝিম ভাবের ফোয়ারা চারপাশে;

এ সময় প্রিয় হয় নৈঃশব্দ্য, কিন্তু চাপা হাসি

অপ্রস্তুত পাহাড়ের দিকে ফিরে ফিরে আসে

ঢেউ আর সৈকতের মাঝখানে ঝুলে থাকে শূন্যতা

ভুলে যাই কাদাজল, কাটাক্ষত নির্মল ঝাউয়ের বাতাসে।

 

২. এই ছবি

 

জীবনের খড়কুটো বস্তায় ভরে নিয়ে

এক নাবালিকা ঘরে ফিরছে হেসে-হেসে

এই ছবি পাওয়া যাবে তোমাদের দেশে?

রক্ষণপ্রিয় যুবতীরা, বেজার মুখ, ভরা আশ্বিনে

বনকচুমূল টেনে তুলছে ভালোবেসে রাস্তার ঢালে;

তাদের মলিন ঠোঁট আর এলোচুল ঘেঁষে

সুধীর হাওয়া চলেছে ভেসে

হালকাপাতলা মেঘ, মনোতোষ মেঘ!

শ্যামল কিশোরী ঘরে ফিরছে মুচকি হেসে হেসে।

এই ছবি পাবে নাকি তোমাদের দেশে?