নগরের কথা

নিটোল বাতাস এসে ভরে দেবে নগরের পথ—

কী লাভ একথা ভেবে এই কালচে সংসারে?

এখানে বাতাস জুড়ে সীসার শাসন

মেনে নিতে হয়

এখানে জলের যাবতীয় আয়োজনে

দূষণের ক্রিয়া কিছু মেনে নিতে হয়।

 

আমাদের নগরজীবন

জনভিড় কোলাহল শব্দাধিক্য মিলে

তথাপি নগরে থাকে সৃজন বেদনা—

রোদ ঝড় ও বৃষ্টিতে বয়ে চলা অনুপম জলধ্বনি

আছে যার সুধীর কাঁপন।

 

যাপনের জটিলতা নগরের অনিবার্য রূপ

ক্ষরণসুন্দর নামে তাকে আমি ডাকি

যদিও একথা জানি খুব ভালো করে

গোপনকুঠুরি নামে নগরের আছে আরো সুঠাম বিস্ময়

আছে তার গুঢ় আংটি আরব্য রূপকথার!

 

না থাকুক এক ফোঁটা নদী এই তামাম নগরে

নাগরিক স্নানে এসে ধুয়ে যায় দূষিত মানুষ—

নগরের এক পঙিক্ত আলো

ছিঁড়েফেড়ে দিতে পারে যে কোনো অন্ধকার

এই পৃথিবীর।