মহাজোট জিতলে চট্টগ্রাম হবে ইকোনোমিক হাব: ইঞ্জিনিয়ার মোশাররফ

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির কোনো বিকল্প নেই। গত ৪৭ বছরে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ২৮ বছর ক্ষমতায় থেকে দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাস উপহার দিয়েছে। আর আওয়ামী লীগ ১৮ বছর ক্ষমতায় থেকে দেশকে উন্নয়ন আর সমৃদ্ধি উপহার দিয়েছে। আগামী দিনে এই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থীদের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই। নৌকা জিতলে চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ার ইকোনোমিক হাব, আর মিরসরাই হবে এর প্রাণকেন্দ্র।’

বৃহস্পতিবার মন্ত্রীর ধুম ইউনিয়নের নিজ বাড়িতে চট্টগ্রাম নগরে কর্মরত মিরসরাইয়ের সাংবাদিকের সংগঠন ‘সুবন্ধন'র উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রার্থীর সাথে মতবিনিময়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: বগুড়া ২: ভোটের মাঠে মান্না গায়েব, জোরকদমে জিন্না

তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলে মিরসরাই আর গ্রাম থাকবে না, শহরে পরিণত হবে। দেশের সর্ববৃহৎ ইকোনোমিক জোন এখানে বাস্তবায়িত হচ্ছে, তার পুরোপুরি বাস্তবায়ন হলে মিরসরাইয়ে আর বেকার থাকবে না। এছাড়া খৈয়াছড়া ঝর্ণা এবং মিরসরাইয়ের পাহাড়ি এলাকাকে কাজে লাগিয়ে ইকো ট্যুরিজম পার্ক তৈরি করা হবে। যা এই অঞ্চলের পর্যটন শিল্পকে পাল্টে দিবে।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও সুবন্ধনের সভাপতি দেবদুলাল ভৌমিককের সভাপতিত্বে এবং বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- বাংলাধারার ভারপ্রাপ্ত সম্পাদক ফেরদৌস শিপন, সুবন্ধনের সাধারণ সম্পাদক ও সিইউজের প্রচার সম্পাদক আহমেদ কুতুব, সুবন্ধনের সদস্য বিশ্বজিৎ পাল, হোসাইন জিয়াদ প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ