কালিহাতীতে করোনা মোকাবিলায় ‘ক্যুইক রেসপন্স টিম’ গঠন

দেশব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কালিহাতী থানা পুলিশ ক্যুইক রেসপন্স টিম বা ‘কিউআরটি’ গঠন করেছে। শুক্রবার এই টিম গঠন করা হয়। যে কোনো জরুরি পরিস্থিতিতে চরাঞ্চলসহ উপজেলার যে কোনো স্থানে দ্রুত সহযোগিতা প্রদান করবে পুলিশের এই টিম।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বিপিএমের নির্দেশনায় এই টিম গঠন করা হয়েছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন। তিনি আরো বলেন, সাধারণ জনগণকে সরাসরি যোগাযোগ করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছু জরুরি ফোন নম্বরও দেওয়া হয়েছে।

করোনা মোকাবিলায় ‘কিউআরটি’ গঠন, মোবাইল টিম গঠন, সচেতনতা কর্মসূচিসহ নানা ধরনের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তাই তারা এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।