শাবিতে ‘কিন’-এর শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিন-এর শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি-২০১৮ গত ১২ নভেম্বর থেকে শুরু হয়েছে। যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাবাহুন জাজিবা। এ বিষয়ে তিনি জানান, কিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন, যা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানা ধরনের উদ্যোগ নিয়ে থাকে। এর পাঁচটি উইংয়ের অন্যতম হলো শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ, যা প্রতিবছরের মতো এবারও তারা আয়োজন করতে যাচ্ছে। ‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আজ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ সংগ্রহ। সংগঠনটির সভাপতি কাজী তৌসিফ হুদা বলেন, ‘শীতবস্ত্র সংগ্রহ করে সুবিধামতো সময় ও স্থান নির্বাচনের পর তা মানুষের মাঝে বিতরণ করা হবে। শীতবস্ত্র সংগ্রহের পাশাপাশি কম্বল ক্রয়ের জন্য আর্থিক সাহায্যও গ্রহণ করা হচ্ছে। আপনারা চাইলে যেকোনো পরিমাণ আর্থিক সাহায্য ০১৭৫৬-৭৯৬৭৪৮ নম্বরে বিকাশ করতে পারেন, যা দিয়ে দরিদ্রদের জন্য কম্বল ও অন্যান্য শীতবস্ত্র কেনা হবে।’