অসহায়দের পাশে দাঁড়ালো বাফুফে

মরণ ব্যাধি করোনা ভাইরাসের কারণে স্থবির বিশ্ব। দিন দিন মৃত্যুর মিছিল বাড়ছেই।  লকডাউন বা কারফিউ জারি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশেও চলছে ১০ দিনের সাধারণ ছুটি। এ অবস্থায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষদের। তাদের সহায়তায় এগিয়ে আসছেন দেশের অনেক সংগঠন, জনপ্রিয় তারকারা।

দেশের এমন ক্লান্তিলগ্নে অসহায়দের পাশে দাঁড়িয়েছে অনেক সংগঠন ও তারকা খেলোয়াড়রা। বাংলাদেশ ক্রিকেট দলের ২৭জন খেলোয়াড় তাদের এক মাসের বেতনের অর্ধেক অনুদান হিসেবে তুলে দেবেন দেশের অসহায়দের জন্য। ব্যক্তিগত উদ্যোগে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার ও ক্রিকেটার সহযোগিতায় এগিয়ে এসেছেন।

এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনও অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়ালো। করোনা ভাইরাসের কারণে কঠিন পরিস্থিতিতে প্রতিদিন দুপুরে ৩০০ জন অসহায়-দুঃস্থ মানুষকে খাবার সরবরাহ করবে বাফুফে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।

ইত্তেফাক/এসআই