নওগাঁর পোরশা উপজেলায় ভটভটি ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের কাঠপুকুর লক্ষ্মীর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই চার্জার ভ্যানের যাত্রী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে ছাদিকুল ইসলাম ও মৃত চাঁন মুন্সির ছেলে আব্দুল হাকিম। এ ঘটনায় ভ্যানচালক মনোয়ার হোসেন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাকিম ও ছাদিকুল সরাইগাছি মোড় থেকে ব্যাটারিচালিত চার্জার ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কাঠপুকুর লক্ষ্মীর মোড়ে পোঁছালে বিপরীত দিক থেকে একটি ইঞ্জিনচালিত ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার্জার ভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থালেই হাকিম ও ছাদিকুল নিহত হন। এসময় গুরুত্বর আহত অবস্থায় মনোয়ারকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে পাঠান।
আরো পড়ুন: রাজশাহীতে করোনা সন্দেহে আইসোলেশনে যুবক
পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ভটভটি চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএএম