বিশ্বব্যাপী সমস্ত ভারতীয় দূতাবাস এবং হাই কমিশনের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্স বা সম্মেলন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় ভিডিও সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী সম্পর্কে প্রতিক্রিয়া আলোচনার জন্য প্রথমবারের মতো ভারতীয় মিশনসমূহের এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হলো।
সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, অস্বাভাবিক পরিস্থিতি সমাধানের জন্য কঠিন সিদ্ধান্ত প্রয়োজন হয়। যে কারণেই এই বিশ্বায়নের যুগেও বিশ্বের বেশিরভাগ অংশই নিজেদের আলাদা করে রেখেছে। মহামারী মোকাবেলার জন্য এই পদক্ষেপ অনিবার্য হলেও এর চূড়ান্ত পরিণতিও এসেছে। কারণ বিশ্বব্যবস্থা থমকে যাওয়ার ফলে আন্তর্জাতিক পরিবহণ ব্যবস্থা, বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক ও সুদূরপ্রসারী প্রভাব পড়েছে।
তিনি আরও বলেন, ভারত এই রোগটির সংক্রমণের ঝুঁকি কমাতে এবং পরবর্তীতে বৃহত্তর প্রাদুর্ভাব রোধে জানুয়ারির মাঝামাঝি সময়েই অভূতপূর্ব এবং দ্রুত প্রাথমিক পদক্ষেপ নিয়েছিল। এর মধ্যে রয়েছে ভারত কর্তৃক বাস্তবায়িত বিশ্বের বৃহত্তম সঙ্গনিরোধ এবং বন্ধ কর্মসূচি।
Interacted with heads of our Missions abroad on the COVID-19 situation. We discussed many issues including ways to combat Coronavirus and the role our Missions can play in assisting Indians abroad. https://t.co/f6tPv2cb4R
— Narendra Modi (@narendramodi) March 30, 2020
করোনা সঙ্কটের কয়েকটি কেন্দ্রবিন্দুতে আটকা পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার প্রয়াসের জন্য মিশন প্রধানদের প্রশংসা করেন নরেন্দ্র মোদি। এ সময় মিশন প্রধানরা বিদেশে আটকা পড়া ভারতীয়দের, বিশেষত শিক্ষার্থী ও কর্মীদের সহায়তার জন্য তাদের প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তারা এই মহামারী মোকাবেলায় ভারতের নিজস্ব জাতীয় প্রচেষ্টাতে সহায়তা করতে পারে এমন ওষুধ, চিকিৎসা, যন্ত্র, প্রযুক্তি, গবেষণা এবং অন্যান্য পদক্ষেপগুলি শনাক্ত করার প্রচেষ্টা সম্পর্কেও জানান।
এছাড়াও কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের উদ্যোগে গঠিত সার্ক বিশেষ তহবিলের মাধ্যমে সে সব দেশগুলির গৃহীত ব্যবস্থায় সহায়তামূলক পদক্ষেপগুলো তুলে ধরেন সংশ্লিষ্ট মিশন প্রধানগণ।
ইত্তেফাক/জেডএইচডি