করোনা ভাইরাস সংক্রমণ রোধে দশম দিনের মতো বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার পুরান ঢাকার প্রধান সড়ক থেকে অলিগলিতে ছিটানো হয় ব্লিচিংযুক্ত জীবাণুনাশক পানি। পুলিশের পানি ছিটানোর গাড়িতে করে প্রতিটি রাস্তায় পানি ছিটানো হয়। অনেক জায়গার বাসাবাড়িতেও দেওয়া হয় জীবাণুনাশক।
পুলিশ জানায়, ২৫ মার্চ পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের নির্দেশে সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিদিন ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন দিয়ে পানি ছিটানো হচ্ছে। ৮ বিভাগের রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিলে পালাক্রমে জীবাণুনাশক দেওয়া হচ্ছে।
রাস্তা থেকেও এ ভাইরাস সংক্রমিত হতে পারে মন্তব্য করে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া বলেন, জুতা, বাজারের ব্যাগ, দোকান থেকে পণ্য কেনা এমনকি টাকা লেনদের মাধ্যমেও এ ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে। এ কারণে অতি জরুরি প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়াই ভালো। এজন্য রাস্তায় জীবাণু ছিটিয়ে ভাইরাস ধ্বংস করার কোনও বিকল্পও নেই।
আরো পড়ুন : ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক কর্মী করোনা আক্রান্ত, ৪৭ জন কোয়ারেন্টাইনে
তিনি বলেন, এই ভাইরাস ছোঁয়াচে। যা দ্রুত ছড়িয়ে পড়ে। সতর্ক থাকতে হবে। জুতার মাধ্যমেও ভাইরাসটি সংক্রমিত হতে পারে। বাইরে থেকে আসার পর জুতা এবং শরীরের জামা-কাপড় একবারের বেশি ব্যবহার না করাই ভালো।
ইত্তেফাক/ইউবি