ঢাকা-১ আসনে সালমা, বগুড়া-৭ এ বাবলুকে সমর্থন ঐক্যফ্রন্টের

আইনি জটিলতায় নিজেদের প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় দুটি আসনে স্বতন্ত্র দুই প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপি ও ২০ দল।

এর মধ্যে একটি হচ্ছে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামকে (মোটরগাড়ি) সমর্থন দিয়েছে বিএনপি। 

অপরদিকে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে (ট্রাক মার্কা) সমর্থন দিয়েছে দলটি। শুক্রবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রসঙ্গত, ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন আবু আশফাক। উপজেলা চেয়ারম্যান নিয়ে আইনি জটিলতায় সর্বোচ্চ আদালতে তার প্রার্থিতা স্থগিত হয়ে গেছে। সেখানে বিএনপি, ২০ দল বা ঐক্যফ্রন্টের এখন কোনো প্রার্থী নেই। 

বগুড়া-৭ আসনে গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোর্শেদ লিটনকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। কিন্তু উপজেলা চেয়ারম্যানের পদ সময় মতো না ছাড়ায় তার মনোনয়ন বাতিল হয়ে যায়।

আরো পড়ুন: ইভ-টিজিংয়ে অতিষ্ঠ, উত্যক্তকারীর যৌনাঙ্গ কেটে দিলেন তরুণী

ইত্তেফাক/জেডএইচ