ট্রাম্পের ভুলেই ইরাকে থাকা মার্কিন সেনাদের পরিচয় ফাঁস

ইরাকের মার্কিন সৈন্যঘাঁটিতে ঝটিকা পরিদর্শনের একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটিতে মার্কিন নেভি সিলদের তার সঙ্গে দেখা গেছে। এতে ইরাকের মার্কিন ঘাঁটিতে মোতায়েন থাকা নেভি সিল সদস্যদের পরিচয় এবং অবস্থান ফাঁস হয়ে যায়। অথচ এক্ষেত্রে সাধারণত কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়।

গত ২৬ ডিসেম্বর (বুধবার) হঠাৎ করে অনির্ধারিত এক সফরে ইরাকে যান প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। উদ্দেশ্য ইরাকে মোতায়েনকৃত মার্কিন সৈন্যদের ঘাঁটি পরিদর্শন। সেখানে মার্কিন সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ট্রাম্প। পরে মার্কিন সৈন্যদের সঙ্গে ছবিও তোলেন তিনি। সেখান থেকে ফেরার পথে নিজ টুইটারে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যেখানে সিল টিম ফাইভের সদস্যদের দেখা যায়। তবে ভিডিওটিতে তাদের কারো মুখ ঢেকে দেওয়া কিংবা অস্পষ্ট করা হয়নি।

অন্যদিকে ট্রাম্প তার টুইটার পোস্টে ওই মার্কিন সেনাদের অবস্থান প্রকাশ করে লিখেছেন, ‘ইরাকে আল আসাদ বিমান ঘাঁটিতে আমাদের দুর্দান্ত সেনাদের সঙ্গে দেখা করে মেলানিয়া ও আমি সম্মানিত বোধ করছি।’

মার্কিন প্রতিরক্ষা দফতরের বেশ কয়েকজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউজউইক জানায়, 'বিভিন্ন মিশনে মোতায়েন থাকা মার্কিন সৈন্যদের পরিচয়, অবস্থান এবং অন্য তথ্য সর্বদাই গোপন রাখা হয়। কমান্ডার ইন চিফ হিসেবে ট্রাম্প এসব তথ্য প্রকাশ করতে পারেন। তবে সেক্ষেত্রে তাদের চেহারা আস্পষ্ট করে দেওয়া হয়। যেন তাদের পরিচয় কিংবা অবস্থান সম্পর্কে কোন তথ্য ফাঁস না হয়ে যায়।'

আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশংসিত নারী মিশেল ওবামা

অন্যদিকে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ভিডিওটি টুইট করার মধ্য দিয়ে প্রটোকল ভঙ্গ করা হয়েছে। ট্রাম্প ভুলবশত এই কাজ করেছেন বলে মনে করছেন তারা।

ইত্তেফাক/দিপু/নূহু