মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন। শুক্রবার সকাল ১১ টার দিকে বড়তাকিয়া বাজারের বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খৈয়াছড়া ইউনিয়ন পূর্ব পোলমোগরা বড়তাকিয়া রেলস্টেশন ছালে আহম্মদের ছেলে সুলতান আহমদ ও তার (সুলতান) তিন মাসের শিশু কন্যা মুনতাহা এবং একই ইউনিয়নের নিচিন্তা গ্রামের আব্দুল হক মেস্ত্রী বাড়ীর গনি আহম্মদের ছেলে রিকশাচালক নিজাম উদ্দিন।

আরো পড়ুন: নিউইয়র্ক পুলিশের ‘হিরো’ বাংলাদেশি সৈয়দ আলী

স্থানীয়রা জানান, মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া চক্ষু হাসপাতাল এলাকায় ব্যাটারি চালিত রিকশাকে চট্টগ্রামগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-মেয়েসহ ৩জন নিহত হন। এছাড়া সুলতান আহমদের স্ত্রী রোজিনা আক্তারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সেহেল সরকার বলেন, দুর্ঘটনার সংবাদ আমি পেয়েছি। তবে নির্বাচনের কারণে ফাঁড়ির লোকবল অন্য জায়গায় নিয়ে যাওয়ায় তাৎক্ষণিক উদ্ধারকাজে অংশগ্রহণ করতে পারিনি। পরে গিয়ে অটোরিকশাকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। মিরসরাই থানায় খোঁজ নিয়ে পুরো বিষয়টি জেনে ব্যবস্থা নেব।

ইত্তেফাক/বিএএফ