গফরগাঁওয়ে নির্বাচনী দায়িত্বে থাকা বিজিবি সদস্যের মৃত্যু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে তার মৃত্যু হয়।

মৃত মফিজুর রহমান (৪৩) বিজিবি ময়মনসিংহ-৩৯ এ হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতর নবনির্মিত সম্প্রসারিত ভবনে বিজিবির অস্থায়ী ক্যাম্পে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: প্রার্থী শূন্য আসনগুলোতে বিএনপির সমর্থন পেলেন যারা

এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

ইত্তেফাক/বিএএফ